
শেষ আপডেট: 19 July 2019 07:44
বিজেপি সরকারের অপদার্থতার কারণেই উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। বুধবার গুজ্জর ও গোণ্ড সম্প্রদায়ের মধ্যে ৩৬ একরের একটি জমি নিয়ে গোলমালের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সোনভদ্র। ঝামেলা বাড়তে বাড়তে গুলি চালায় কিছু লোকজন। সকলেই বহিরাগত দুষ্কৃতী বলে অভিযোগ। গুলিতে মারা যান দশ জন। আহত হন ২৪ জন।
পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে সোনভদ্রর কাছে উভা গ্রামের প্রধান ৩৬ একর জমি কিনেছিলেন। জমিটি ছিল কৃষিজমি। সেই জমির দখল নিয়েই ঝামেলা শুরু হয়। বুধবার জমির দখল নিতে এলাকায় যান গ্রামের প্রধান এবং তাঁর সঙ্গীরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গ্রামবাসীরা। এর পরেই শুরু হয় ঝামেলা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা বাধা দেওয়ায় কোনও কথা না বলেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে গ্রাম প্রধানের সঙ্গীরা। স্থানীয় অনেকেই বলছেন, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন মহিলার। পুলিশ জানিয়েছে দু’পক্ষের এই সংঘর্ষে হাজির ছিল প্রায় ১০০ জন লোক।গুলিচালনা ও গণহত্যার ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামপ্রধান, তাঁর ভাই সহ অভিযোগ আনা হয়েছে ৭৮ জনের বিরুদ্ধে।
এই ঘটনা ঘটার পরে প্রিয়াঙ্কা টুইট করেছিলেন, "বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অপরাধীদের রমরমা ক্রমেই বাড়ছে। দিনের আলোয় খুনখারাবি হচ্ছে। সোনভদ্রে তিন মহিলা-সহ দশ জনের হত্যা মেনে নেওয়া যায় না। প্রশাসন ঘুমোচ্ছে। এভাবেই নাকি রাজ্যটা অপরাধ-মুক্ত হবে!" এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম গাফিলতি না হয় সেদিকে নজর রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন জেলাশাসককে। এ ছাড়াও এই ঘটনার তদন্তের ব্যাপারে রাজ্যের পুলিশ প্রধানকে ব্যক্তিগত ভাবে নজর দেওয়ার এবং দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস আমলে জমি-মাফিয়াদের এত বাড়বাড়ন্তের কারণেই আজ এই অবস্থা।