NRC আতঙ্কে আত্মহত্যা না মানসিক অবসাদ? আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুকে ঘিরে বিজেপি–তৃণমূলের দাবি পাল্টা দাবি ঘিরে চাঞ্চল্য।
.jpeg.webp)
ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 29 October 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: আগরপাড়ায় ( Agarpara) বছর সাতান্নর প্রৌঢ় প্রদীপ করের (Pradip Kar) ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা— “আমার মৃত্যুর জন্য NRC দায়ী।” এই একটি লাইনেই যেন তোলপাড় রাজ্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি কেন্দ্র ও নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, অন্যদিকে বিজেপি (BJP) দাবি তুলেছে— আত্মহত্যার পেছনে NRC নয়, ব্যক্তিগত মানসিক অবসাদই আসল কারণ।
এদিকে রাজনৈতিক তরজার মধ্যেই বুধবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ যাচ্ছেন আগরপাড়ায়, প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে। সোমবারের ওই মর্মান্তিক ঘটনার পর থেকেই তৃণমূল নেতৃত্বের তরফে লাগাতার প্রতিক্রিয়া আসছে। সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মানুষকে আতঙ্কিত করে ভোটের রাজনীতি বন্ধ করুন।”
বিজেপি সূত্রের দাবি, প্রদীপ করের নাম ২০০২ সালের ভোটার তালিকায় স্পষ্টভাবে রয়েছে। সেই নথিও প্রকাশ্যে এনেছে দল। পানিহাটির বিজেপি নেতা চণ্ডীচরণ রায়ের বক্তব্য, “কমিশনের নিয়ম অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে আর কিছুই প্রমাণের প্রয়োজন হয় না। তৃণমূল সরকার আগেও এভাবে অপপ্রচার চালিয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে। প্রদীপবাবু কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন বলেই আত্মঘাতী হয়েছেন বলে শুনেছি।”
এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। তিনি আরও প্রশ্ন তুলেছেন, উদ্ধার হওয়া ‘সুইসাইড নোট’-এর হাতের লেখার সত্যতা নিয়েও। প্রদীপ করের ডান হাতের চারটি আঙুল দুর্ঘটনায় কাটা গিয়েছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। প্রদীপের ভগ্নিপতি উত্তম হাজরা জানিয়েছেন, “২০২৪ সালের লোকসভা ভোটেও ভোট দিয়েছেন প্রদীপ। তাই নোটের লেখাটি খতিয়ে দেখা উচিত। আমরা আদালতের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করছি।”
তবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই দাবি সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে। দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, “বিজেপি কি ওনার মনের ভিতর ঢুকে জানে, কেন আত্মহত্যা করেছেন? বিজেপি-ই এখন ২০০২ সালের ভোটার লিস্ট নিয়ে ঘুরছে! আসলে বিজেপি আর কমিশন মিলে মানুষের মধ্যে NRC-র আতঙ্ক ছড়াচ্ছে।”
NRC আতঙ্ক না মানসিক অবসাদ, প্রদীপ করের মৃত্যু কোন রহস্য লুকিয়ে রেখেছে, তা এখন রাজ্য রাজনীতির কেন্দ্রে। সময়েই মিলবে সদুত্তর।