২০২৪–২৫ অর্থবর্ষে ডাক বিভাগের লোকসান পৌঁছেছে প্রায় ২৫ হাজার কোটি টাকায়। সেই পরিস্থিতিতেই পরিষেবাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রিমিয়াম ডেলিভারিতে জোর দিচ্ছে কেন্দ্র। নতুন পরিষেবায় মাঠের কর্মীদের উৎসাহ দিতে ঘোষণা করা হয়েছে ইনসেন্টিভ ভাতাও।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 December 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: লোকসানের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বেসরকারি ক্যুরিয়ার সংস্থার দ্রুত পরিষেবা (Private Couriers) সঙ্গে পাল্লা দিতে পিছিয়ে পড়ছে সরকারি ডাকব্যবস্থা (Postal Department)। সেই খরা কাটাতেই নতুন দাওয়াই, ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চয়তা সহ ডেলিভারি পরিষেবা আনছে ভারতীয় ডাক বিভাগ। জানুয়ারি থেকেই চালু হতে চলেছে এই প্রিমিয়াম সার্ভিস। শুরুতে যে ছ’টি মেট্রো শহরে পরিষেবাটি মিলবে, সেই তালিকায় রয়েছে, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কলকাতা।
ডাকবিভাগের সাফ ঘোষণা, নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি না হলে পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে গ্রাহককে (Money back)। প্রথম ধাপে ৫০০ গ্রাম পর্যন্ত নথি পাঠানো যাবে এই পরিষেবায়, পরে ধাপে ধাপে ভারী পার্সেলও আনা হবে একই ব্যবস্থার আওতায়। দফতরের কর্তাদের দাবি, “গ্রাহকদের দ্রুত পরিষেবা দেওয়ার পাশাপাশি পরিষেবার মান বাড়াতেই এই পদক্ষেপ।”
নতুন পরিষেবায় ওজন অনুযায়ী তিনটি বিভাগ রাখা হয়েছে ৫০ গ্রাম, ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম।
স্থানীয় এলাকায় ৫০ গ্রাম বা তার কম ওজনের নথি পাঠাতে ন্যূনতম খরচ ৩৮ টাকা। ২০০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে একই ওজনের ডাক পাঠাতে সর্বোচ্চ খরচ ১৮৬ টাকা। এর উপর প্রযোজ্য হবে ৫% জিএসটি।
এছাড়া রেজিস্ট্রেশন, বিমা, OTP ভেরিফিকেশন, ডেলিভারি এসএমএস, রিয়েল-টাইম ডেটা— যার জন্য আলাদা চার্জ লাগবে।
ডাক বিভাগের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি না হলে সম্পূর্ণ পোস্টেজ রিফান্ড। ডাক খোয়া গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ১,০০০ টাকা ক্ষতিপূরণ। এর পাশাপাশি ৪৮ ঘণ্টায় ডেলিভারির আলাদা স্কিমও চালু হচ্ছে। এখানেও থাকছে সময়ভিত্তিক রিফান্ডের নিয়ম। এই পরিষেবায় খরচ তুলনামূলক কম, সর্বনিম্ন ২৫ টাকা, সর্বোচ্চ ১২১ টাকা।
ডাকবিভাগ জানিয়েছে, প্রতিদিন বিকেল ৪টার মধ্যে বুকিং করলে পরের দিনেই ডেলিভারি সম্ভব। তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে পোস্ট অফিসে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে এই সুবিধা।
বাল্ক বুকিং করা গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন আর্থিক ছাড়। ব্যবসায়িক গ্রাহকদের জন্য ‘আগে পরিষেবা, পরে পেমেন্ট’, এই সুবিধাও থাকছে নতুন পরিষেবায়।
২০২৪–২৫ অর্থবর্ষে ডাক বিভাগের লোকসান পৌঁছেছে প্রায় ২৫ হাজার কোটি টাকায়। সেই পরিস্থিতিতেই পরিষেবাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রিমিয়াম ডেলিভারিতে জোর দিচ্ছে কেন্দ্র। নতুন পরিষেবায় মাঠের কর্মীদের উৎসাহ দিতে ঘোষণা করা হয়েছে ইনসেন্টিভ ভাতাও।
সব মিলিয়ে বেসরকারি কুরিয়ার সংস্থাকে টক্কর দিতেই নতুন ভঙ্গিতে মাঠে নামছে ইন্ডিয়া পোস্ট, এমনটাই মত পর্যবেক্ষকদের।