
শেষ আপডেট: 28 April 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে দিল্লির যন্তর-মন্তরের সামনে লাগাতার আন্দোলন চালাচ্ছেন দেশের বহু কুস্তিগির (Wrestlers)। বুধবার সেই আন্দোলন নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা। এবার তাঁকে পাল্টা দিলেন বলিউড অভিনেত্রী পূজা ভাট। টুইটারে পিটি ঊষাকে মেনশন করে তীব্র নিন্দা করলেন মহেশ-কন্যা (Pooja Bhatt Slams PT Usha)।
রাজ্যসভার সাংসদ জয়ন্ত সিং শুক্রবার সকালে কুস্তিগিরদের সমর্থনে একটি টুইট করেন। পূজা ভাট সেই টুইটটি রিটুইট করে লেখেন, 'ধন্যবাদ জয়ন্ত সিং আপনার অবস্থানের জন্য, দেশের কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে নিজের কণ্ঠস্বর তোলার জন্য। যখন বেশিরভাগ তারকা ক্রীড়াবিদ তাঁদের পাশ থেকে সরে গেছে, তখন আপনি পাশে দাঁড়িয়েছেন। দেখে খারাপ লাগে যে আমাদের ক্রীড়াবিদরা রাস্তায় নামার পরেও পিটি ঊষার মতো কিংবদন্তিরা তাঁর বিরোধিতা করছেন।'
উল্লেখ্য, বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। যা নিয়ে বর্তমানে নিউ দিল্লির যন্তর-মন্তরের সামনে আন্দোলনে সামিল হয়েছেন দেশের একাধিক কুস্তিগির। এবার সেই কুস্তিগিররা পাশে পেলেন বলিউড অভিনেত্রী পূজা ভাটকেও।
প্রসঙ্গত, এদিন দেশের কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের অবশ্যই দেশের কুস্তিগিরদের বিক্ষোভের পাশে থাকতে হবে। ওঁরা সত্যিকারের চ্যাম্পিয়ন। তাঁদের জন্য দেশের গর্ব করা উচিত। বহু সাফল্য এসেছে তাঁদের হাত ধরে। ওঁরা এই বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন। এই নিয়ে বিচার চলবে, দেষীকে শাস্তিও পেতে হবে। রাজনৈতিক ছায়ায় থাকলেও শাস্তি অনিবার্য। সত্যের জয় হবেই।'
মমতা কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন, ‘দোষীকে শাস্তি পেতেই হবে’, টুইট মুখ্যমন্ত্রীর