
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) ধৃতিমান সরকার।
শেষ আপডেট: 25 December 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: শুধু নজরদারি নয়, ড্রোনের মাধ্যমে ওয়াকিটকি থেকে এবার কথাও বলবে পুলিশ!
এতদিন বিক্ষোভস্থল, বড় কোনও ঘটনা কিংবা বন্যা কবলিত এলাকায় ড্রোনের মাধ্যমে শুধু নজরদারি চালাত পুলিশ। এবার থেকে ড্রোনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বার্তাও দিতে পারবে পুলিশ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) ধৃতিমান সরকারের উদ্যোগে ড্রোনের এই নয়া সফর শুরু হল।
পুলিশ সূত্রের খবর, কীভাবে ড্রোনকে আরও ভালভাবে কাজে লাগানো যায় এ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার নিজস্ব উদ্যোগে গবেষণা করছিলেন। তিনিই ড্রোনের এই 'আপডেটে'র শ্রষ্ঠা। মঙ্গলবার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অত্যাধুনিক এই ড্রোনের উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে টেলিফোনে দ্য ওয়ালকে পশ্চিম মেদিনীপুরের এসপি বলেন, "ড্রোনকে আরও ভালভাবে কী করে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণা করে এই ফসল। আশাকরি এর ফলে আমাদের কাজটা আরও সুবিধে হবে।"
এসপি জানিয়েছেন, ২৫০ ফুট উঁচু থেকে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ড্রোন মানুষকে বার্তা দিতে পারবে। এর শব্দ ক্ষমতা ১৩০ ডেসিবেল। অর্থাৎ ড্রোনের মাধ্যমে পুলিশ কোনও বার্তা দিতে চাইলে তা স্পষ্ট শোনা যাবে।
শুধু ওয়াকিটকির মাধ্যমে পুলিশের ঘোষণা নয়, অত্যাধুনিক এই ড্রোনের মাধ্যমে আগে থেকে রেকর্ড করা সাইরেন বা কোনও ঘোষণা বাজানো যাবে। প্রায় ৪ কিমি এলাকা পরিক্রমা করতে পারবে এবং এক একটি ড্রোন টানা ৩০ মিনিট উড়তে পারবে। এছাড়াও এতে থাকবে অত্যাধুনিক এইচডি ক্যামেরা, সঙ্গে জুম করার ব্যবস্থাও। অর্থাৎ ২৫০ ফুট উঁচু থেকেও প্রতিটি এলাকার ছবি ও ভিডিও খুব নিখুঁতভাবে তুলতে সক্ষম এই ড্রোন।
জানা যাচ্ছে, নিজের দেশ বিদেশের বিভিন্ন বন্ধুর সঙ্গে টানা ৬ মাস ধরে আলাপ আলোচনার মাধ্যমে অত্যাধুনিক এই ড্রোনটি তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুরের এসপি। ফলে এখন থেকে নয়া এই ড্রোনের দেখা মিলবে বড় জমায়েত, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, ত্রাণ ও উদ্ধার অভিযানে। সফল হলে আগামীদিনে সীমান্ত সুরক্ষার কাজেও ব্যবহার করা হতে পারে এই ড্রোন।