
শেষ আপডেট: 25 June 2023 16:22
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে নানা স্বাদের খাবার চেখে দেখা যাদের প্রিয় অভ্যাস তাঁদের অনেকেরই প্রিয় খাবারের তালিকায় থাকবে চেলো কাবাব আর প্রিয় রেস্তোরাঁ হিসেবে থাকবে 'পিটার ক্যাট'। লালচে মায়াবী আলোয় চেলো কাবাব খেতে খেতে একান্ত সময় কাটানো এই শহরের তরুণ তরুণী থেকে পরিবার নিয়ে আসা বয়স্ক দম্পতি অনেকেরই প্রিয় অভ্যাস।
এবার সেই রেস্তোরাঁই বিরল সম্মান লাভ করল। সারা পৃথিবীর ১৫০ সেরা রেস্তোরাঁর মধ্যে নাম তুলে ফেলেছে পিটার ক্যাট। প্রথম ২০টি রেস্তোরাঁর মধ্যে পিটার ক্যাট-এর স্থান ১৭ নম্বরে।

গত শুক্রবার অর্থাৎ ২৩ জুন পৃথিবীর সেরা ১৫০ রেস্তোরাঁর তালিকা প্রকাশ করে 'টেস্ট অ্যাটলাস' নামে একটি সংস্থা। সেখানেই ১৭ নম্বরে রয়েছে কলকাতার পার্ক স্ট্রিটের অন্যতম জনপ্রিয় পিটার ক্যাট। এই রেস্তোরাঁর 'সিগনেচার ডিশ' চেলো কাবাব-এর মাধ্যমে শহরের ইতিহাস বা সংস্কৃতিও যেন মিশে থাকে, বক্তব্য 'টেস্ট অ্যাটলাস'-এর।
১৯৭৫ সালে এই রেস্তোরাঁটি খোলেন নীতিন কোঠারি। তিনি বলেন, রেস্তোরাঁয় অন্যান্য আরও অনেক পদ ছিল, তবে তার মধ্যে এই চেলো কাবাব-এর বিক্রি সবচেয়ে বেশি ছিল। সাধারণত কাবাব খাওয়া হয় নান বা তন্দুরি হিসেবে। সেই কাবাবকেই ভাতের সঙ্গে মিশিয়ে নীতিন তৈরি করেন অভিনব এই চেলো কাবাব। বাঙালিদের প্রিয় খাবার ভাতের সঙ্গে কাবাব মিশিয়ে তৈরি খাবারের এই 'ফিউশন' জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। এবার সেই চেলো কাবাবই পিটার ক্যাটকে পৌঁছে দিল বিশ্বের দরবারে।