স্ত্রীর পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে, সেই কথা স্বীকার করেছেন সালেয়ার স্বামীও।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 16 October 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) তথা ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বাংলার হাওয়া ভারী হয়ে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছে, বাংলায় ২ নভেম্বর, সোমবার থেকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়াল নৈহাটির ভোটার লিস্ট (Naihati Voter list) নিয়ে।
তোলপাড় শুরু হয়েছে নৈহাটির ভোটার লিস্টের একটি নাম ঘিরে যিনি পাকিস্তানের করাচির বাসিন্দা। জানা গিয়েছে, তাঁর নাম সালেয়া খাতুন।
প্রসঙ্গত, এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তবে সেই তথ্য যে ভুল নয় তা স্বীকার করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দেব।
স্ত্রীর পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে, সেই কথা স্বীকার করেছেন সালেয়ার স্বামীও। তবে ২৮ বছর ধরে নৈহাটিতেই থাকছিলেন সালেয়া, সেই কথায় শিলমোহর দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।
এত তাড়াতাড়ি বিশেষ নিবিড় সংশোধন তালিকা ফাইনাল করতে হবে, সেই নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এসআইআর আবহে এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হতে পারে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের। কারা বৈধ, কারা নন, সেই নিয়ে জলঘোলা এত সহজে থামার নয়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, "রাজ্যে এস আই আর হলে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।" এই বার্তা যেন রাজ্যের সমস্ত স্তরের নির্বাচনকর্মীদের কাছে পরিষ্কারভাবে পৌঁছয়, সে দিকেই জোর দিয়েছেন তিনি।
তাঁর মধ্যেই এমন তথ্যে জল কতটা গড়ায়, সেটাই দেখার।