যেসব ভোটার সাময়িকভাবে বিদেশে আছেন, তাঁরা কমিশনের নির্দেশিকা অনুযায়ী পরিবারের সদস্যকে পাঠিয়ে শুনানি সম্পন্ন করতে পারবেন।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 8 January 2026 17:22
দ্য ওয়াল ব্যুরো: যেসব ভোটার সাময়িকভাবে বিদেশে রয়েছেন (পড়াশোনা, সরকারি কাজ, চিকিৎসা বা অন্য কোনও কারণে), তাঁদের শুনানিতে (SIR) স্বশরীরে উপস্থিত হওয়া বাধ্যতামূলক নয়। এই ধরনের ভোটাররা চাইলে, তাঁদের অনুমোদিত কোনও পরিবারের সদস্যকে পাঠাতে পারবেন, সেই পরিবারের সদস্যকে ভোটারের সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র দেখাতে হবে এবং কমিশনের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
এদিকে, এসআইআর সংক্রান্ত নথি গ্রহণযোগ্যতা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কমিশন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কমিশনের নির্ধারিত ১১টি নথির পাশাপাশি সিএএ (CAA) সার্টিফিকেটকে প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য করা হচ্ছে। এই সিদ্ধান্ত সেই সময় এল যখন মঙ্গলবারই কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে যে, ডোমিসাইল সার্টিফিকেট কোনওভাবেই এসআইআর শুনানিতে গ্রাহ্য হবে না।
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই যাঁরা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তাঁদের ফের শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে। মঙ্গলবারই কমিশনের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রথম দিকে কমিশনের অবস্থান ছিল, ডোমিসাইল সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা যাচাই করবেন সংশ্লিষ্ট জেলাশাসক বা জেলা নির্বাচন আধিকারিক (DEO)। সেই কারণে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল, কোন স্তরের আধিকারিক এই শংসাপত্র ইস্যু করেন।
রাজ্য সরকারের তরফে জানানো হয়, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট জেলাশাসকরাই ইস্যু করতেন। পরে সেই ক্ষমতা দেওয়া হয় অতিরিক্ত জেলাশাসক (ADM) এবং মহকুমা শাসক বা এসডিওদের। ঘটনাচক্রে, এসআইআর পর্বে এই এসডিওরাই নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিক (ERO)-র দায়িত্বেও রয়েছেন।
এই ব্যাখ্যা পাওয়ার পরই ডোমিসাইল সার্টিফিকেট আদৌ এসআইআর-এর ক্ষেত্রে প্রমাণ্য নথি কি না, তা জানতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায় রাজ্য সিইও দফতর। কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই চিঠির পরিপ্রেক্ষিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে—ডোমিসাইল সার্টিফিকেট এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য নয়।