
শেষ আপডেট: 20 March 2023 06:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিকাশভবনে নিয়ে গিয়ে সাদা কাগজে সই করিয়ে ইন্টারভিউ পর্যন্ত করা হয়েছিল। কিন্তু তারপরেও চাকরি হয়নি। ছেলেমেয়ের চাকরির জন্য শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Sil) হাতে নগদ ১০ লক্ষ টাকা (10 lakhs in cash) তুলে দিয়েছেন বলে অভিযোগ বলাগড়ের বাসিন্দা বাসুদেব ঘোষের (Vasudev Ghosh)। সেই টাকা জলে যাওয়ায় এখন নিজেকেই দুষছেন বাসুদেববাবু।
চাষবাস ও কিছু ব্যবসাপত্র রয়েছে বলাগড়ের ইনচুরা বাজারের বাসিন্দা বাসুদেব ঘোষের। এক ছেলে ও এক মেয়ে। দুজনেই টেট উত্তীর্ণ হলেও চাকরি পাননি কেউ। সোমবার তিনি জানান, ২০১৪ সালের মাঝামাঝি প্রস্তাব পেয়েছিলেন ছেলেমেয়ের জন্য পাঁচ লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকা দিলেই চাকরি হয়ে যাবে। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে জমিজমা বন্ধক রেখে নগদ ১০ লক্ষ টাকা দিয়েছিলেন অয়ন শীলকে। তাঁর কথায়, “এরপরে বিকাশভবনে নিয়ে গিয়ে সাদা কাগজে সই করিয়ে ইন্টারভিউও নেওয়া হয়েছিল। কিন্তু তারপর আর কোনও সাড়া মেলেনি। এতদিনেও চাকরি হয়নি দুজনের কারও। এখন বুঝতে পারছি কত বড় চক্রের হাতে পড়ে গেছি।”
টানা ৩৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর সোমবার ভোররাতে সল্টলেক থেকে গ্রেফতার করা হয় অয়ন শীলকে। অয়নের বাড়িতে তল্লাশি চালিয়ে অ্যাডমিট কার্ড, ওএমআর শিট- সহ নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি ইডি অফিসারদের হাতে আসে। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসেন তদন্তকারী অফিসাররা। মিলেছে সাতটি হার্ড ডিস্ক ও বহু ডিজিটাল নথিও। হুগলি জেলার বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরই ইডির স্ক্যানারে আসে অয়নের নাম।
অয়ন শীলের বাড়িতে শান্তনু ও কুন্তলকে একাধিকবার দেখেছেন বলেও এদিন দাবি করেন বলাগড়ের ইনচুরা বাজারের বাসিন্দা বাসুদেববাবু। এও জানান, তিনি একা নন, ছেলেমেয়ের চাকরির জন্য তাঁর এলাকার আরও অনেকেই অয়ন শীলকে টাকা দিয়েছে। চাকরি পিছু পাঁচ লাখ টাকা করে দিয়েছেন তাঁরাও। তাঁদের দেখেই অতগুলো টাকা দেওয়ার সাহস পেয়েছেন। যোগ্য প্রার্থীকে ডিঙিয়ে টাকা দিয়ে চাকরি কেনার ব্যাপারে তখন কোনও খারাপ লাগা না থাকলেও এখন টাকা খুইয়ে সেই খোঁচাও খাচ্ছেন অনবরত।
শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীল গ্রেফতার, টানা ৩৭ ঘণ্টা তল্লাশিতে উদ্ধার চারশোর বেশি ওএমআর শিট