
শেষ আপডেট: 25 December 2020 13:22
সান্তাক্লজ মানেই তো পরনে সাদা কলার ও কাফযুক্ত লাল কোট, সাদা কাফযুক্ত লাল ট্রাউজার্স, কালো চামড়ার বেল্ট, বুটজুতো আর প্রচুর উপহার। ঠিক তেমনই সাজে দেখা পাওয়া গেল কবীরের। অন্যদিকে দুধে আলতা রঙের ইন্দো-ওয়েস্টার্ন গাউনে অনুরাগীদের ‘মেরি ক্রিসমাস’-এর শুভেচ্ছা জানালেন কোয়েল।
করোনা আবহে বাচ্চাকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার ঝুঁকি নিতে পারেননি কোয়েল, তাই বাড়িতেই ক্রিসমাস পালন করছেন টলিনায়িকা। নিজের ছোটবেলার গল্পও বললেন কোয়েল। ছোটবেলায় কেমনভাবে মায়ের হাত ধরে নিউমার্কেটে ক্রিসমাসের কেনাকাটা করতে যেতেন সে কথাও শোনালেন নায়িকা। ক্রিসমাস ট্রি থেকে বড়দিনে ঘর সাজানোর উপকরণ সব কিছুরই কেনাকাটা চলত পুরোদমে।
২৪ ডিসেম্বর রাতে মায়ের পাশে শুয়ে শুয়ে প্রার্থনা করতেন ছোট্ট কোয়েল যাতে তাঁর সব ইচ্ছে পূরণ করেন সান্তা। বিছানার পাশে রাখতেন মোজাও। সকালে উঠে দেখতেন উপহারে ভরে গিয়েছে সেটি। অনেক উপহার আসত তাঁর ঝুলিতে। অকপটে স্মৃতিচারণা করলেন কোয়েল।
সান্তা কি কেবলই মিথ? এর উত্তর সঠিক ভাবে না পাওয়া গেলেও, সান্তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর আবেগ। সান্তা স্বপ্নপূরণের প্রতীক, ভরসা ও জীবনেরও! তাই সান্তার কাছে ইচ্ছের ঝুলিকে মেলে ধরে নতুন উদ্যোমে সামনে এগিয়ে চলেন সকলে। নায়িকা কোয়েলও তেমনভাবেই ছেলে কবীরকে নিয়ে মেতে উঠলেন বছর শেষের এই আনন্দযজ্ঞে।