
শেষ আপডেট: 16 September 2023 09:18
দ্য ওয়াল ব্যুরো: ১oo দিনের বকেয়া টাকা আদায়ে আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারই প্রস্তুতি (Tmc prepares for dharna in Delhi) হিসেবে এবার দিল্লির দরিয়াগঞ্জ থানার ডিসিপি-কে চিঠি লিখলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)।
৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল। আন্দোলনকারীদের থাকার জন্য রামলীলা ময়দানে (Ramleela Maidan) তাঁবু তৈরি করতে চেয়ে দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ডেরেক। যদিও এই বিষয়ে এখনও পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি।
প্রসঙ্গত, দিল্লির রামলীলা ময়দানে ধর্না কর্মসূচি করতে চেয়েছিল তৃণমূল। যদিও দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। এরপরই যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির কাছে ধর্না করতে চেয়ে পুলিশকে চিঠি পাঠায় তৃণমূল। সূত্রের খবর, আগামী ২ ও ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির সামনে ধর্নায় বসবেন তৃণমূল নেতৃত্ব। অভিষেকের পাশাপাশি ওই কর্মসূচিতে দেখা যেতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
একশ দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার অধিকারের টাকা আদায় করতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক। গত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on 21st July) দাবি করেছিলেন, "বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। সেই টাকা উদ্ধার করতে তিনটি রাস্তা রয়েছে। দিল্লির কাছে আবেদন করা, পায়ে পড়া, নইলে অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলন করা। প্রথমটা তৃণমূল করেছে। কিন্তু হকের টাকা উদ্ধারের জন্য কারও পায়ে পড়বে না।" এরপরই ২ অক্টোবর ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে জয়শঙ্করের কাছে নালিশ তৃণমূলের, কূটনৈতিক সম্পর্কে অন্তরায় বিরোধী দলনেতা