
শেষ আপডেট: 22 January 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: আর একটি রাত পেরোলেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। তাই বালুরঘাট থেকে অযোধ্যায় ১ মেট্রিক টন 'চিনি আতপ চাল' পাঠালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই চাল মূলত গোবিন্দভোগ চাল নামেই পরিচিত।
দেশবাসীর নজর এখন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে উদ্বোধন হতে চলছে রাম মন্দিরের। যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হবে সেখানে। সকল থেকে চলবে পূজা অর্চনা, ভোগ বিতরণ।
মন্দিরে আসা রাম ভক্তদের ভোগের জন্যই সুদূর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল এই চিনি আতপ চাল। সুস্বাদু ও সুগন্ধি এই চালের ভোগ সারা ভারতেই বিখ্যাত। সেই কারণেই অযোধ্যার রাম মন্দিরের ভোগের জন্য এক মেট্রিক টন চাল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রবিবার বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয় থেকে নারকেল ফাটিয়ে চালের গাড়ির যাত্রার শুভ সূচনা করেন বালুরঘাটের সাংসদ। মোট ১ হাজার ১ কিলো চাল রয়েছে সেখানে।
সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ''২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে দান সামগ্রী পাঠানো হচ্ছে। আমাদের জেলার এই চাল বিখ্যাত। এই চালের বিশেষ খিচুড়ি অন্যতম। এখান থেকে এই চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।''