দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দিনেদুপুরে বাড়ির মধ্যে খুন হয়ে গেলেন এক বৃদ্ধ। চুরি করতে এসে বাধা পেয়েই দুষ্কৃতীরা বৃদ্ধের গলায় ধারালো অস্ত্রের কোপ দেয় বলে অনুমান পুলিশের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। পুলিশ জানিয়েছে ঘরের জিনিসপত্র, আসবাব সমস্ত তোলপাড় করেছে দুষ্কৃতীরা। তার থেকেই অনুমান লুঠপাচে বাধা পেয়েই খুন। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।
বৃহস্পতিবার বিকাল নাগাদ ঘটনাটি ঘটে বর্ধমান শহরের তেজগঞ্জ স্কুলপাড়া এলাকায়। মৃত বৃদ্ধের নাম গোঁরাচাঁদ দত্ত (৮৪)। এদিন বাড়িতে একাই ছিলেন অশীতিপর ওই বৃদ্ধ। তাঁর স্ত্রী মীরা দত্ত জানান, এদিন সকালে তিনি শহরের জিলিপি বাগানে বোনের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাড়ির সামনে বছর তিরিশের এক যুবক দাঁড়িয়ে রয়েছে। মীরাদেবী বলেন, ‘‘আমি ওই যুবককে চিনি না। তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে জানতে চেয়েছিলাম কী হয়েছে? বলতেই ওই যুবক আমাকে বলে কী হয়েছে ঘরে ঢুকে দেখুন। তারপর হলুদ গেঞ্জি পড়া ওই যুবক চলে যায়।’’
বাড়িতে ঢুকে মীরাদেবী দেখেন, রক্তান্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে রয়েছেন তাঁৱ স্বামী। তিনি বলেন, ‘‘টিভিটা দরজার সামনে টানা ছিল। আলমারি খোলা। বিছানা তছনছ। খাটের ঠিক নীচে পড়ে ছিলেন উনি। নিশ্চই কেউ চুরি করতে এসেছিল। বাধা দেওয়ায় ওকে খুন করে দিয়েছে।’’
খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে ওই বৃদ্ধের ছেলে কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গেছে ধানবাদে। এখানে বৃদ্ধ আর বৃদ্ধাই থাকতেন। ডিএসপি হেড কোয়ার্টার্স সৌভিক পাত্র বলেন, ‘‘পুরো বিষয়টির তদন্ত চলছে। চুরি করতে এসে বাধা পেয়ে খুন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কারও সঙ্গে কোনও শত্রুতা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে তাও।’’
এখনও কেউ গ্রেফতার হননি। শহরের বুকে জনবহুল এলাকায় এই খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।