দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাট মহকুমা শাসকের অফিসে চলছিল বন্দুকের লাইসেন্স রিনিউ করার পালা। সেই সময় হঠাৎ বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলি ছিটকে আহত হলেন একজন। এই ঘটনায় সোমবার সকালে রানাঘাটের মহকুমা শাসকের অফিসের সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। আহত ওই ব্যক্তিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবছরের মতো সোমবার রানাঘাট মহকুমা শাসকের দফতরে বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণের কাজ চলছিল। সেখানে আসা অনিল হালদার নামে এক ব্যক্তির পিস্তল থেকে হঠাৎই গুলি ছিটকে গিয়ে লাগে হরিনারায়ণ হালদার নামে এক বয়স্ক ব্যক্তির গায়ে। তিনিও বন্দুকের লাইসেন্স রিনিউ করাতে এসেছিলেন।
শান্তিপুর থানা এলাকার বাসিন্দা অনিল হালদার পেশায় বেসরকারি নিরাপত্তারক্ষী। হরিনারায়ণের বাড়ি নদিয়ার ধানতলা থানার কুচিয়ামোড়া এলাকায়। গুলির আওয়াজ শুনে অফিসের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে রানাঘাট মহাকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। রানাঘাট এসডিপিও প্রবীর মণ্ডল বলেন, ‘‘ওই ব্যক্তিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে।’’
লাইসেন্স রিনিউ করাতে এসে কেন ওই ব্যক্তি হঠাৎ বন্দুক পরিষ্কার করাতে গেলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। তবে লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি।