দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : দিঘা, মন্দারমনি, তাজপুরে একরকম লকডাউন শুরু হয়ে গেছে রবিবারই। গুটিকতক পর্যটক যারা ছিলেন তারাও রবিবার দুপুরের মধ্যে ফিরে গিয়েছেন। এখন ঘরে ফেরার পালা চলছে এলাকার মানুষদের। কলকাতা বা অন্য শহরে জীবিকার জন্য রয়েছেন যাঁরা,লকডাউন চালুর আগেই ঘরে ফেরার জন্য রীতিমতো ব্যস্ত তাঁরা।
এই মওকায় কলকাতা বা হাওড়া থেকে গাড়ি ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে বলে অভিযোগ। ৫০ টাকার জায়গায় ১০০ থেকে ১৫০ টাকা, কোথাও কোথাও ২৫০ টাকা ভাড়াও চাওয়া হচ্ছে। তাতেও যে সুস্থ ভাবে আসা যাচ্ছে তেমনটা নয়, জায়গা না জোটায় বাদুড়ঝোলা হয়ে আসতে হচ্ছে কাউকে, কেউ আবার একটু জায়গা পেতে বাসের ছাদে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, গত দু’দিনে জেলায় প্রায় সাত হাজার মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফিরেছেন।
বাড়ি ফেরার হিড়িক অন্যান্য জেলাতেও। পাঁচটা থেকে লকডাউন শুরু হয়ে যাবে কলকাতায়। তার আগেই জেলায় যে যার বাড়ি ফিরতেই হবে। লকডাউন হওয়ার ফলে বিপদ থেকে বাঁচা যাবে কিনা সে প্রশ্নকে আপাত মুলতবি রেখে দুগুণ বা তিনগুণ বেশি ভাড়া দিয়ে বাস, লরি, ম্যাটাডোরে চেপে বাড়িমুখো সবাই। তাঁদের অভিযোগ, মওকা পেয়ে দুগুণ- তিনগুণ ভাড়া নিচ্ছে বাসের কন্ডাক্টর। কিন্তু প্রশাসনের কোনও নজরদারি নেই।