
শেষ আপডেট: 7 March 2023 16:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দোলপূর্ণিমার দিন মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে খুনের (murder) অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির (Hooghly) চণ্ডীতলার জনাইয়ে (Janai)। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস (৩২)। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরও দু'জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চণ্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দুপুরে কৃষ্ণেন্দু দাসের সঙ্গে বচসা বাঁধে প্রতিবেশী যুবক রুনু সিংয়ের। বাড়ি নিয়ে নাকি দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ। মঙ্গলবার মদ্যপ অবস্থায় রুনু ও তাঁর দুই ছেলে বুদো আর বাবু হঠাৎই কৃষ্ণেন্দুর উপর চড়াও হয়। উঠোনে ফেলে লাথি ঘুষি মারতে থাকে। এমনকী লাঠিপেটাও করা হয়। শেষে বিয়ারের বোতল ভেঙেও নৃশংসভাবে মারা হয় তাঁকে।
ছেলেকে মারছে দেখে বাঁচাতে এগিয়ে যান মা যুথিকা দাস। তাতেও ছাড় মেলেনি। অভিযোগ, উল্টে ওই মহিলাকেই ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্তরা। এরপর স্থানীয়রা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। ওখানেই চিকিৎসকরা কৃষ্ণেন্দুকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরই অভিযুক্ত রুনু সিংকে ধরে আটকে রাখে স্থানীয়রা। তবে তাঁর দুই ছেলে পালিয়ে গিয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। রুনু সিংকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে তাঁকে জেরা শুরু করা হয়েছে। কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পাশাপাশি ওঁর দুই ছেলের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
ডেবরায় আকাশ থেকে খসে পড়ল বরফের চাঙড়! এ কী কাণ্ড, হতবাক গোটা গ্রাম