
শেষ আপডেট: 30 November 2024 15:33
নিবেদিতা দাস, শিলিগুড়ি
গাছ থেকে ঝুলছে ছাত্রীদের স্কুল ইউনিফর্ম। শনিবার সকালে এমনই অদ্ভুত কাণ্ড নজরে আসতেই সাড়া পড়ল শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া পতিরামজোত এলাকায়। এদিন সকালে এলাকার একটি চা বাগানের রাস্তায় দেখা যায় গাছগুলি থেকে ঝুলছে ছাত্রীদের স্কুলের ইউনিফর্ম। এমন ঘটনায় অবাক হয়ে যান এলাকার বাসিন্দারা। কারা কী কারণে ছাত্রীদের স্কুলের ইউনিফর্ম গাছে ঝুলিয়ে দিল তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন মাটিগাড়া বিডিও অফিসের আধিকারিকরা। সঙ্গে ছিলেন মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দিপালী ঘোষ। তিনি জানান, গাছে ঝুলিয়ে রাখা পোশাকগুলি আনুমানিক পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ছাত্রীদের। তিনি বলেন, "এলাকায় তিনটি সরকারি স্কুল রয়েছে। যেখানে এখনও পর্যন্ত ছাত্রীদের নতুন পোশাক বিলি করা হয়নি। এছাড়া এলাকায় কোনও স্কুলে চুরির ঘটনাও ঘটেনি। তবে কীভাবে এল এই পোশাকগুলি তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে।"
মাটিগাড়া বিডিও অফিসের আধিকারিক রবিন সরকারের অনুমান শুক্রবার রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। শান্ত এলাকা অশান্ত করতেই এমন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, "প্রাথমিকভাবে যা অনুমান করা যাচ্ছে, তাতে গতকাল রাতেই দুষ্কৃতীরা এসব কাজ করেছে। কারণ গতকাল সন্ধে পর্যন্ত এই এলাকা থেকে এমন কোনও খবর আসেনি।"
চা বাগানের গাছে কারা কী কারণে ছাত্রীদের স্কুল ইউনিফর্ম ঝুলিয়ে দিয়ে গেল তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।