
শেষ আপডেট: 2 March 2023 05:55
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ক্যালেন্ডার বলছে আগামী ৭ মার্চ দোল পূর্ণিমা। কিন্তু ভোটের ফল যেন সেই ক্যালেন্ডারের তারিখকে দিন পাঁচেক এগিয়ে আনল। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের (Sagardighi Bypoll Election) ফলাফলের প্রাথমিক ট্রেন্ড দেখেই বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যেন অকাল বসন্ত উৎসব শুরু হয়ে গেল।
বাম, কংগ্রেস কর্মীরা নানান রঙের আবিরে রাঙিয়ে নিচ্ছেন নিজেদের। হাতে সবুজ আবির নিয়ে কংগ্রেস কর্মীর গালে লাগিয়ে দিচ্ছেন এক সিপিএম কর্মী। আবার সিপিএমের এরিয়া কমিটির সম্পাদকের কপালে লাল আবির লেপে দিচ্ছেন যুব কংগ্রেস নেতা। দেখা গিয়েছে হলুদ, গোলাপি আবিরও। যেন রামধনুর রং লেগেছে বহরমপুরে।
শুধু কি আবির। উৎসব চলছে বাজি ফাটিয়েও। পটকার শব্দে কান পাতা দায় হয়ে গিয়েছে। অত্যুৎসাহী সমর্থকরা আবির মাখিয়েছেন অধীর চৌধুরীর কাট আউটেও।
সকাল ১১টার খবর পাঁচ রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস মনে করছে আর কোনও পিছনোর জায়গা নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সকাল ১১টা নাগাদ বলেন, ‘আর কোনও জায়গা নেই যেখানে তৃণমূল জিততে পারে। সাগরদিঘির কয়েকটা এলাকায় তৃণমূলের শক্তি ছিল। কিন্তু সেখানেও অল্প ভোটে লিড পেয়েছেন বাইরন। এখন যা গণনা হবে তাতে ব্যবধান বাড়া ছাড়া আর অন্য কোনও সম্ভাবনাই নেই।’
উপনির্বাচনে সাধারণত শাসকদলের পক্ষেই ভোট যায়। কারণ সরকার বদলের কোনও সম্ভাবনা থাকে না। কিন্তু সাগরদিঘি যেন উল্টো দিকে সাঁতার কাটল। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে, এই ফলাফলকে সংখ্যালঘু ভোটের আগামী অভিমুখ হিসাবেও দেখা শুরু করেছেন।
ত্রিপুরা: পিছিয়ে মুখ্যমন্ত্রী মানিক, বিজেপি ম্যাজিক ফিগারের জায়গায় নেই চার রাউন্ডে