
শেষ আপডেট: 2 March 2023 04:41
দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘিতে উপনির্বাচন (Sagardighi Bypoll Election) শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই অধীর চৌধুরী দাবি করেছিলেন, সুষ্ঠু ভোট নিশ্চিত করেছে কেন্দ্রীয় বাহিনী। ফলে তৃণমূলের জেতার কোনও জায়গা নেই। বৃহস্পতিবার গণনার প্রথম দু’রাউন্ড শেষে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছেন কংগ্রেসের বাইরন বিশ্বাসই (Bayron Biswas)।
প্রথম রাউন্ড গণনা শেষে সাগরদিঘির তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ৫১৫ ভোটে এগিয়েছিলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। দ্বিতীয় রাউন্ডে সেই ব্যবধান বেড়ে দাঁড়াল ২ হাজার ৮০ ভোটে। যদিও এটি একেবারেই প্রাথমিক স্তরের গণনা। সাগরদিঘিতে মোট ১৬ রাউন্ড গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কংগ্রেসের মুখে হাসি ফুটতে পারে। শুধু তাই নয়, শূন্য থেকে বিধানসভায় খাতা খুলবে কংগ্রেস। যদিও বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবেই বাইরন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শেষ পর্যন্ত বাইরন জিতলে তা বাংলায় বাম-কংগ্রেসকে নতুন অক্সিজেন দিতে পারে বলেই মত অনেকের।