
শেষ আপডেট: 11 July 2023 02:58
দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট গণনা (Panchayat Election Counting) শুরু হল। ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে গণনা হবে আজ। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে (Panchayat Election 2023 Result )।

রাজারহাট শিক্ষা নিকেতন হাইস্কুল গণনা কেন্দ্রে পাঁচটি গ্রাম পঞ্চায়েতর আসন ও তিনটি জেলা পরিষদের গণনা হবে। সকাল থেকেই এই গণনাকেন্দ্রে বিভিন্ন দলের এজেন্টদের ঢোকার লম্বা লাইন দেখা গেছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই গণনাকেন্দ্রটি (Panchayat Election 2023 Result )।
হাবরা দু'নম্বর ব্লকের ভোট গণনা শুরু হল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও। হাবরা শ্রীচৈতন্য কলেজে হাবড়া এক নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। ব্যারাকপুর ব্লক এক এর আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে। গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।
আজ ভোট গণনার দিনও গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল, শাহি-সাক্ষাৎ সেরে ফিরছেন দিল্লি থেকে

৩৩৯টি ভোটগণনা কেন্দ্রে স্ট্রংরুমের সংখ্যা ৭৬৭। গণনাকক্ষের সংখ্যা ৩,৫৯৪। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে ঘোষণা করবেন বিডিও। বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেক স্তরে দু’রাউন্ড করে গণনা হবে। কোথাও কোথাও তিন রাউন্ড গণনা হবে। শেষ না হওয়া পর্যন্ত গণনা চলবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি গণনাকেন্দ্রে থাকবেন একজন করে অবজার্ভার। প্রতিটি জেলায় একজন করে বিশেষ অবজার্ভার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এর দায়িত্বে থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে প্রয়োজন মতো রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। থাকছে সিসিটিভির নজরদারি। গণনা কেন্দ্রে প্রত্যেক টেবিলে থাকবেন বিডিও, একজন কাউন্টিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার এবং কাউন্টিং এজেন্ট।

কমিশনের নির্দেশ, প্রত্যেক ব্যালট পেপার ভোটারদের দেওয়ার আগে ব্যালট পেপারের পিছনের দিকে জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসারের নির্দেশ মতো স্ট্যাম্প ও প্রিসাইডিং অফিসারের পুরো সই থাকতে হবে। প্রত্যেকটি ব্যালট পেপার খতিয়ে দেখতে হবে গণনার সময়ে। যদি কোনও ব্যালট পেপারের পিছনের দিকে প্রিসাইডিং অফিসারের সই না থাকে, তাহলে তা বৈধ ভোট বলে গণ্য হবে না। এই ধরনের ব্যালট পেপারগুলি ভোট গণনার সময়ে বাতিল করতে হবে।