কোন্নগরের বিবেকানন্দ পার্ক থেকে লোপাট দুটো মেহগনি, উমফানে ভেঙে পড়া গাছ চুরিতে থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েতের
দ্য ওয়াল ব্যুরো: সুপার সাইক্লোন উমফানের তাণ্ডবে ভেঙে পড়া দামি মেহগনি গাছ লোপাট হয়ে গেল হুগলির কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পার্ক থেকে। এখানে বহু পুরোনো দুটি মেহগনি ও একটি ইউক্যালিপটাস গাছ রাস্তার উপরে ভেঙে পড়ে উমফান ঝড়ে। তখন যা
শেষ আপডেট: 12 June 2020 14:08
দ্য ওয়াল ব্যুরো: সুপার সাইক্লোন উমফানের তাণ্ডবে ভেঙে পড়া দামি মেহগনি গাছ লোপাট হয়ে গেল হুগলির কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পার্ক থেকে। এখানে বহু পুরোনো দুটি মেহগনি ও একটি ইউক্যালিপটাস গাছ রাস্তার উপরে ভেঙে পড়ে উমফান ঝড়ে। তখন যান চলাচল বন্ধ হয়ে যায় সাময়িক ভাবে। গাছ কেটে রাস্তা সাফ করে দেয় পঞ্চায়েত। গাছের মোটা মোটা গুঁড়িগুলো তখন রাস্তার পাশে সরিয়ে রাখা হয়। সেই গাছ দুটি উধাও হয়ে গেছে। চুরি যাওয়া গাছের মূল্য কয়েক লক্ষ টাকা।
নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার বলেন, “গাছগুলো কে বা কারা সরিয়ে নিয়ে গেছে তা আমাদের জানা নেই। বিষয়টি নজরে আসার পরেই পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।” নবগ্রামের পাশেই কানাইপুর গ্রাম পঞ্চায়েত। কানাইপুরের পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন, “কানাইপুর নবগ্রাম লাগোয়া এলাকায় থাকা গাছগুলি ঘুর্ণীঝড়ে ভেঙে পড়ে। গাছগুলি যেহেতু নবগ্রাম পঞ্চায়েতের মধ্যে ছিল তাই নবগ্রামের উপপ্রধান গৌর মজুমদার আমাকে জানান গাছগুলো পঞ্চায়েতে নিয়ে গিয়ে রাখা হবে। পরে ঠিক করা হবে গাছগুলি কী করা হবে।” গাছগুলো যারা কেটেছিল তারাই সরিয়েছে বলে মনে করেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান।

বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য্যের অভিযোগ, “গাছ চুরির পিছনে তৃণমূলের হাত আছে। এখন থানায় লোক দেখানো অভিযোগ করা হচ্ছে। ঝড়ে বহু গাছ ভেঙে পড়েছে। ভাঙা বট ও অশ্বত্থ গাছ বহাল তবিয়তে রয়েছে কিন্তু দামি মেহগনি গাছ চুরি হয়ে যাচ্ছে। ভাল করে তদন্ত করা হলে দেখা যাবে তৃণমূলই এর পিছনে রয়েছে।” উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, “তৃণমূল অভিযুক্ত হলে থানায় যেত না। যারা অভিযোগ করছে তারা তো থানায় যায়নি। মুখ্যমন্ত্রী বলেছেন উমফান ঝড়ে দামি দামি গাছ ভেঙে পড়েছে। সেই গাছ কেনাবেচা নিয়ে যেন দুর্নীতি না হয়। সেই কারণে আমরা সজাগ এবং সতর্ক আছি।”