দ্য ওয়াল ব্যুরো: বিরল প্রজাতির মাছ উদ্ধার হল দিঘার মোহনায়। বৃহস্পতিবার সকালে মোহনায় যখন মৎস্যজীবীদের ট্রলার আসে, তখন দেখা যায় একটি ট্রলারে এমন একটি মাছ উঠেছে যা সচরাচর দেখা যায় না। মাছটির ওজন প্রায় ৮০০ কেজি।
কলকাতার একটি সংস্থা ২৫ হাজার টাকায় ওই মাছটি কিনেছে বলে জানা গিয়েছে। ট্রলার থেকে মাছটিকে নামানোর পরই ভিড় অমে যায় মোহনায়। বিরাট আকৃতির মাছের ছবি তুলতে হইহই পড়ে যায় পর্যটকদের মধ্যে।
দিঘা-শঙ্করপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, “খুব কম এমন মাছ দেখা যায়। যার ওজন ৮০০ কেজি। এদিন মৎস্যজীবী রতন কুমার জানার ট্রলারে এই মাছ উঠেছে।” তিনি আরও বলেন, “বিজ্ঞানসম্মত ভাবে এই মাছের নাম জানা নেই। তবে স্থানীয় ভাবে এই মাছকে চিল শঙ্কর বলা হয়।” তিনি জানান, এটি শঙ্কর মাছেরই একটি প্রজাতি। স্বাদে এমন কিছু আলাদা নয়। অন্য সাধারণ সামুদ্রিক মাছের মতোই খেতে এই চিল শঙ্কর।