দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। অতিরিক্ত আর্দ্রতার কারণে গুমোট-ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গবাসী। তবে বেলা গড়িয়ে দুপুর হতেই খানিক স্বস্তি মিলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইছে হাল্কা ঠান্ডা হাওয়াও।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। কলকাতা ছাড়াও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে। দক্ষিণবঙ্গের প্রায় অব জেলাতেই আজ বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিনে দিনেরবেলায় ভালোই গরম অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গে। তবে বিকেলের পর প্রায় রোজই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। এ বছর নির্দিষ্ট সময়ের কেরলে এসেছে বর্ষা। অনুমান বাকি রাজ্যেও নির্ধারিত সময়েই ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আবহবিদদের অনেকের মতে এই বৃষ্টি মূলত প্রাক-বর্ষার বর্ষণ।