রাজ্য জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার গণ অবস্থান কর্মসূচি কংগ্রেসের
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন মিটে গেলেও হিংসা মিটছে না রাজ্যে। ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সম্প্রতি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হ
শেষ আপডেট: 10 June 2019 17:07
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন মিটে গেলেও হিংসা মিটছে না রাজ্যে। ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সম্প্রতি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিন জন। তাদের মধ্যে দু’জন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে। আর এর মধ্যেই এই রাজ্য জুড়ে সন্ত্রাসের জন্য বিজেপি ও তৃণমূল দু’দলকেই দায়ী করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এর প্রতিবাদে আগামী শুক্রবার গণ অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।
সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র একটি প্রেস বিবৃতি জারি করে এ কথা জানিয়েছেন। এই বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকার এই রাজ্যের সর্বনাশের খেলায় নেমেছে। এই ধরণের ভোট পরবর্তি হিংসা আগে দেখা যায়নি। এমনকী মানুষের মধ্যের ব্যক্তিগত গন্ডগোলকেও রাজনৈতিক রং লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। তাদের দাবি, এ সবের ফলে আখেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষের কাছে এত বন্দুক, বোমা আসছে কোথা থেকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুলিশ জেলা বানাচ্ছেন। কিন্তু তারপরেও কেন সন্ত্রাস থামছে না?

আর এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি-শৃঙ্খলা যাতে ফিরে আসে, সাধারণ মানুষের কাছে সেই আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বেশ কিছু দাবিদাওয়াকে সামনে রেখে সাধারণ মানুষকে রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। এই দাবিগুলি হলো, রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যুবকদের কর্মসংস্থান, শিল্পায়ন, স্বাস্থ্যের অধিকার ও কৃষকদের সঠিক সহায়ক মূল্য। আর এই দাবিগুলি নিয়েই ১৪ জুন অর্থাৎ আগামী শুক্রবার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে প্রদেশ নেতৃত্ব। রাজ্যের সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে কংগ্রেসের এই কর্মসূচি ঘোষণার পর তৃণমূলের এক নেতা জানিয়েছেন, ‘এ বারের লোকসভা ভোটে দেশজুড়ে কংগ্রেসের পরাজয়ের পর তাদের এই মুহূর্তে করার কিছু নেই। আর তাই রাজ্যের পরিস্থিতিতে সরকারের পাশে না দাঁড়িয়ে গণ অবস্থানের ডাক দিচ্ছে প্রদেশ কংগ্রেস। এই থেকেই বোঝা যাচ্ছে, রাজ্যের ভালো তাঁরা কতটা চান।’