রাজ্যে করোনা অ্যাকটিভ ৫২২, মৃত্যুর বেড়ে ২২: মুখ্যসচিব
দ্য ওয়াল ব্যুরো: গতকাল, সোমবার রাজ্যে করোনা অ্যাকটিভ ছিল ৫০৪ জনের শরীরে। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা তথ্য দিয়ে জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সেরে উঠেছেন আরও ১০ জন। ফলে এখন বা
শেষ আপডেট: 28 April 2020 13:55
দ্য ওয়াল ব্যুরো: গতকাল, সোমবার রাজ্যে করোনা অ্যাকটিভ ছিল ৫০৪ জনের শরীরে। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা তথ্য দিয়ে জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সেরে উঠেছেন আরও ১০ জন। ফলে এখন বাংলার ৫২২ জনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু'জনের। রাজ্যে করোনায় মোট মৃত ২২ জন।
নবান্নের তরফে প্রতিদিন যে তথ্য দেওয়া হয় তাতে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল স্যাম্পল টেস্টের পরিমাণ বাড়ছে। এদিন মুখ্যসচিব জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১১৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ২২৩টি টেস্ট হয়েছে বলে জানান মুখ্যসচিব।
রাজীব সিনহা বলেন, "এখন আমাদের ১৪ টি ল্যাবের অনুমোদন আছে। তার মধ্যে ১২টিতে টেস্টিংয়ের কাজ হচ্ছে। বাকি দুটিতে কাল-পরশুর মধ্যেই ট্রায়াল শুরু হয়ে যাবে বলে আশা করছি।" যে ল্যাবগুলিতে টেস্ট হচ্ছে সেগুলিতে আরও টেস্টের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যসচিব।
গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের ৭৫ শতাংশ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বলে জানিয়েছেন মুখ্যসচিব। বাকি ২৫ শতাংশ হাওড়া ও হুগলির। এদিন মুখ্যসচিব বলেন, রাজ্যের আটটি জেলা এই মুহূর্তে গ্রিন জোনে আছে। আর দু'তিনদিনের মধ্যে সেটা ১০ হবে। তাঁর কথায় কালিম্পং এবং জলপাইগুড়ি থেকে গত ২৬ দিন নতুন কোনও পজিটিভ কেস নেই। ২৮ দিন পেরোলেই এই দুই জেলা গ্রিন জোনের সিলমোহর পাবে।