
শেষ আপডেট: 29 October 2019 12:16
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল কলকাতার উপকণ্ঠে বানতলার কাছে। মৃত্যু হয়েছে চারজনের। জখম হয়েছেন আরও আটজন। যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিন সকালে প্রবল গতিতে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। বানতলায় গুরুমারা আইবিটি কলেজের সামনে এসে পিকআপ ভ্যানের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। এরপর উল্টে এসে পড়ে একটি চলন্ত বাইকের ওপরে।মোটর সাইকেলে করে চন্দ্রনাথ ঘোষ নামে পাকা পোল এলাকার এক ব্যক্তি ভাইফোঁটার অনুষ্ঠানের জন্য বাজার করে ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু মাধব দাস। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পিকআপ ভ্যানের চালক ও খালাসিরও মৃত্যু হয়েছে বলে জানা গয়েছে। তবে তাঁদের নাম পরিচয় এখনও জানা যায়নি। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে।