দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেবেলা ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাসন্তী হাইওয়ের চৌবাগা মোড়ের কাছে। খালে পড়ে যায় একটি লরি। তার কাছেই উল্টে যায় যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনার পর থেকে লরির চালক ও খালাসি নিখোঁজ। এই ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ বাসন্তী হাইওয়ের চৌবাগার কাছে একটি বাঁক ঘুরতে গিয়ে পাশের খালে পড়ে যায় একটি লরি। তার ঠিক পিছনে থাকা যাত্রীবোঝাই একটি বাসও নিয়ন্ত্রণ সামলাতে না পেরে উল্টে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় মানুষরা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। জানা গিয়েছে, রাজাবাজার থেকে বাবুরহাট যাওয়ার সময় ( বাসের নাম উজান ) উল্টে যায় বাসটি। কিন্তু খালের জলে না পড়ে রাস্তার পাশে পড়ায় বাস থেকে যাত্রীদের বের করে আনা সম্ভব হয়।
খবর দেওয়া হয় পুলিশে। এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। তাঁরাও হাত লাগান উদ্ধার কাজে। জানা গিয়েছে, বাসের সব যাত্রীকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু এখনও বাসের খালাসি আটকে রয়েছেন। তাঁকে বের করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। গ্যাস কাটার দিয়ে কেটে তাঁকে বের করা আনার চেষ্টা হচ্ছে। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় ও বাস উল্টে থাকায় তা করতে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। বাসের যাত্রীদের বের করে আনা সম্ভব হলেও অনেকেই আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে লরিটির চালক ও খালাসি নিখোঁজ। খালে পড়ার ফলে লরির ভিতরের কিছু দেখা সম্ভব হচ্ছে না। তাঁরা খালের মধ্যে বা লরির মধ্যে আটকে আছেন কিনা, তা দেখার জন্য ডুবুরি নামানোর চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার ফলে বাসন্তী হাইওয়েতে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।