#Breaking: রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই অফিসাররা, ঢুকতে বাধা পুলিশের
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলেও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জাভেদ শামিম সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। সিবিআই অফিসাররা রাজীব কুমারকে খুঁজছেন-- এই তথ্য ঠিক নয়। হাইকোর্টের আদেশ
শেষ আপডেট: 3 February 2019 12:51
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলেও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জাভেদ শামিম সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। সিবিআই অফিসাররা রাজীব কুমারকে খুঁজছেন-- এই তথ্য ঠিক নয়। হাইকোর্টের আদেশানুসারে তা করতে পারে না সিবিআই।
তার পর এক ঘণ্টাও কাটল না, সূর্য ডুবতেই লাউডন স্ট্রিটে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সরকারি বাসভবনের দরজায় পৌঁছে গেল সিবিআই টিম। সিবিআইয়ের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট তথাগত বর্ধনের নেতৃত্বে একটি টিম যখন রাজীব কুমারের বাড়ি যান। তখন অন্য টিম পৌঁছে যায় পার্ক স্ট্রিট থানায়। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবেই সিবিআইয়ের গোয়েন্দাদের কমিশনারের বাড়িতে ঢুকতে বাধা দেয় পুলিশ। শুধু তা নয়, খবর পেয়ে সেখানে পৌঁছে যান কলকাতা পুলিশের ডিসি সাউথ। তথাগত বর্ধনকে তিনি বলেন, আগাম খবর না দিয়ে তিনি এভাবে পুলিশ কমিশনারের বাড়িতে ঢুকতে পারেন না।
অন্যদিকে সূত্রের খবর, পার্ক স্ট্রিট থানাও ফিরিয়ে দেয় সিবিআই অফিসারদের। ফলে সেখান থেকে বেরিয়ে তাঁরা যান শেক্সপিয়ার সরণি থানায়।
এই প্রতিবেদন যখন লেখা চলছে, তখনও দু’পক্ষের চাপানউতোর চলছে। পুলিশ কমিশনারের বাড়ির বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তথাগতবাবু শুধু জানান, তাঁরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেখানে পৌঁছেছেন। আইনত কিছু প্রক্রিয়াও সমান্তরাল ভাবে মেনে চলা হচ্ছে। তবে তাঁরা কী উদ্দেশে রাজীব কুমারের বাড়ি পৌঁছেছেন তা স্পষ্ট করে তিনি জানাননি।
আরও পড়ুন-
https://thewall.in/2019/02/news-kolkata-mamata-banerjee-reached-cp-rajeev-kumars-house/