
শেষ আপডেট: 18 September 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। সোমবার কলকাতা হাইকোর্টে আরও বিধায়কের নাম জমা দিল সিবিআই। যে তালিকা দেখে এদিন এজলাসে বসে বিচারপতির পর্যবেক্ষণ, "এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন (more MLAs names in recruitment corruption, Justice reprimands CBI)?"
সিবিআইয়ের উদ্দেশে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, "এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন? লোকসভা ভোট মিটে গেলে!" একই সঙ্গে মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআইয়ের যোগসাজশ নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি।
আদালতে বিচারপতির পর্যবেক্ষণ, "একটা অভিযোগ শুনতে পাচ্ছি সিবিআই আধিকারিক এবং মানিক ভট্রাচার্যর মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। তাকে বেশি জিজ্ঞসাবাদ করা হবে না। ইতিমধ্যে মানিক সুপ্রিমকোর্ট থেকে জামিন নিয়ে নেবে, ব্যাস!"
আদালতে সিবিআই জানায়, "তাপস মণ্ডলের কাছ থেকে ৪ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে এই টাকা তুলেছিল তাপস। ওই টাকা কুন্তল ঘোষের হাতে যেত।" এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় এদিনের জমা দেওয়া রিপোর্টে আরও কয়েকজন বিধায়ক এবং কাউন্সিলেরর নামোল্লেখ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, "টাকা তোলার তালিকায় অনেক বিধায়ক যুক্ত রয়েছেন।"
যা দেখে বিচারপতির প্রশ্ন, "কবে অন্যান্যদের জিজ্ঞসাবাদ করা হবে? লোকসভা ভোটের পর?" সিবিআইয়ের তরফে বলা হয়, "না, না, অনেককেই জিজ্ঞসাবাদ করা হয়েছে। বাকিদেরও করা হবে। এজলাসে সব কিছু বলা যাবে না। কোর্টের তত্ত্বাবধানেই তদন্ত হচ্ছে।" ক্ষুব্ধ বিচারপতিকে এরপরই বলতে শোনা যায়, "আপনারা তো সেই কোর্টকেই কাঁচকলা দেখাচ্ছেন।"
আগামীকাল মঙ্গলবার নিয়োগ মামলায় সিবিআইকে আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৭০ হাজারের অনুদান কেন? হাইকোর্টে দায়ের হল মামলা