
শেষ আপডেট: 27 October 2022 17:05
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় এক ব্যবসায়ীর (businessman) কাছ থেকে বিশাল অঙ্কের টাকা তোলা (bribe) চেয়েছিল দুষ্কৃতীরা। পুরোটা না দিতে পারলেও কিছু টাকা দিয়েও দিয়েছিলেন ঘুঁটিয়ারি শরিফের সেই ব্যবসায়ী। কিন্তু দাবি অনুযায়ী পুরো টাকা না দেওয়ায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঘুঁটিয়ারি শরিফের (Ghutiari Sharif) সুভাষপল্লীতে।
ব্যবসায়ীর অভিযোগ, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধরও করে সেই দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রীও। সকলেই তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ পলাশ ব্যাপারী নামের ওই ব্যবসায়ীর। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সন্দেহে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে।
জানা গেছে, ওই ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা তোলা চেয়েছিল স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। কিন্তু ওই ব্যবসায়ী পুরো টাকা দিতে না পারলেও ৩০ হাজার টাকা দেন। অভিযোগ, বাকি ২০ হাজার টাকা না দেওয়ায় বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালাতে শুরু করে অভিযুক্তরা। দু'টি গাড়ি, বাড়ির আসবাবপত্র, নানারকম সামগ্রীও ভাঙচুর করা হয়। পাশাপাশি বেধড়ক মারধর করা হয় ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে।
এই ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঘুঁটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ এসে ওই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই শাসকদল তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। শাসকদলে থাকার কারণে তাদের দাবি মেনে অনেকসময়ই টাকা পয়সা দিতে হয় বলে জানিয়েছেন পলাশের মত আরও অনেক ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে ঘুঁটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ।
ক্যানিংয়ে ৩ বছরের শিশুকে মদ খাইয়ে দিল প্রতিবেশী যুবক, অজ্ঞান হয়ে হাসপাতালে একরত্তি