
শেষ আপডেট: 31 July 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চিপস কিনে দেওয়ার বাহানায় মানসিক ভারসাম্যহীন কিশোরীর শ্লীলতাহানির (Minor Girl Abuse)! অভিযোগ উঠল এক তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। এই ঘটনায় জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল পড়েছে। জানা গেছে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধেবেলায় প্রতিবেশীর বছর ১৪ বয়সের মানসিক ভারসাম্যহীন মেয়েকে দু'প্যাকেট চিপস কিনে দেন স্থানীয় তৃণমূল নেতা জগদীশ মণ্ডল। অভিযোগ, তারপর ওই কিশোরীকে ভুলিয়ে ভালিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানেই কিশোরীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করে।
জানা গিয়েছে, জগদীশ জ্যোতিষপুর পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থী শবরী মণ্ডলের স্বামী। এই ঘটনা জানাজানি হতেই ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ অভিযুক্তের বাড়ি গেলে তার আগেই এলাকা থেকে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত। পুলিশ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনার বিষয়ে বাসন্তী ব্লক তৃণমূল নেতা স্বপন পট্টনায়েক জানিয়েছেন, 'যে ঘটনার কথা এলাকায় চাউর হয়েছে সেটা কতটা বাস্তব, তাতে সন্দেহ রয়েছে। তবে পুলিশের তদন্তে যদি ওই নেতা দোষী হন তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক।'
আরও পড়ুন: ছাত্রের গোপনাঙ্গ খুবলে নিল কুকুরের দল, তমলুক হাসপাতালে চলছে মরণ-বাঁচন লড়াই