দ্য ওয়াল ব্যুরো : উত্তরবঙ্গকে যাতে আলাদা রাজ্য করা হয়, সেজন্য সশস্ত্র সংগ্রামে নামতে হবে। গোপন ডেরা থেকে ভিডিওতে এমনই বার্তা দিয়েছিলেন জঙ্গি সংগঠন কেএলও-র নেতা জীবন সিংহ। সেই বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেজন্য তৎপর হয়েছে পুলিশ। যারা ওই ভিডিও ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আইজি নর্থবেঙ্গল দেবেন্দ্র প্রকাশ সিং একথা জানিয়েছেন।
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ি জেলা পুলিশ। সেই অনুষ্ঠানে যোগ দেন আইজি নর্থবেঙ্গল। তখনই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জঙ্গি নেতার ভিডিও যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের উদ্দেশ্য ভারত থেকে আলাদা হয়ে কামতাপুরীদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করা। পশ্চিমবঙ্গের ছ’টি ও অসমের চারটি জেলাকে নিয়ে তারা কামতাপুর রাষ্ট্র গড়তে চায়। কেএলও-র নেতা তামির দাস ওরফে জীবন সিং ১৯৯৯ সালের অক্টোবরে ধরা পড়েন। পরে অসম পুলিশ তাঁকে এই শর্তে মুক্তি দেয় যে, তিনি কেএলও-র অন্য কর্মীদের আত্মসমর্পণ করতে বলবেন। কিন্তু ছাড়া পেয়ে জীবন সিং ফের কেএলও-কে চাঙ্গা করে তোলেন। ওই সংগঠনে সেকেন্ড ইন কম্যান্ড হলেন মিল্টন বর্মন ওরফে মিহির দাস।