
শেষ আপডেট: 16 September 2022 05:42
দ্য ওয়াল ব্যুরো: ফের গণকবরের (mass graves) সন্ধান মিলল (found) যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে (Ukraine)। খারকিভের কাছেই ইজিউম শহরের একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার ৪৪০টি দেহ (Bodies) উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহেই ইজিউম শহর রুশদের (Russia) দখলমুক্ত করেছিল ইউক্রেনের সেনাবাহিনী। তারপরেই এই গণকবরের সন্ধান পাওয়া গেল। জানা গেছে, মৃতরা কেউই সামরিক বাহিনীর অংশ নন, তাঁরা প্রত্যেকেই ইউক্রেনের সাধারণ নাগরিক ছিলেন। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জনিয়েছে খারকিভের পুলিশ আধিকারিক সেরহি বোলভিনভ।
এর আগে, গত এপ্রিল মাসে পুতিনের সেনাবাহিনীর হাত থেকে বুচা শহর পুনর্দখল করেছিল ইউক্রেন সেনা। সেখানেও একাধিক গণকবরের খোঁজ মিলেছিল। এছাড়াও নিজেদের বাড়ির পাশে, রাস্তায় শ'য়ে শ'য়ে মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাঁদের অনেকেরই হাত বাঁধা ছিল, দেহেও অত্যাচারের ছাপ স্পষ্ট ছিল। বুচা ছাড়াও বোরোডিয়াঙ্কা এবং চেরনিহিভেও মিলেছিল গণকবর। তারপরেই রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পুরো বিষয়টিকে ইউক্রেনের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছিলেন।
প্রসঙ্গত, পুতিন-বাহিনীর হাত থেকে একের পর এক শহর পুনরুদ্ধার করছে ইউক্রেন। বুচা এবং ইজিউমের পর ইউক্রেনের বারলুক শহরও হাতছাড়া হয়ে যায় রাশিয়ার। রুশ সেনার দখল থেকে ইতিমধ্যেই দেশের ৬,০০০ বর্গকিলোমিটার অঞ্চল মুক্ত করা সম্ভব হয়েছে বলে সোমবার জানিয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু পুনরুদ্ধার করা শহরগুলি থেকে একের পর এক গণকবরের সন্ধান মেলায় জোরালো হচ্ছে গণহত্যার তত্ত্ব। ইজিউমেও আরও গণকবরের সন্ধান পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, পানিহাটির আইটি কর্মীর বাড়িতে হানা দিল লালবাজার