দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে না সিবিআই অফিসার ব্রতীন ঘোষালকে। স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ।
বালিগঞ্জ থানা এলাকার একটি হোটেলে ভাঙচুর চলে ২০১৭ সালে। অভিযোগ ওঠে, অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীরা ভাঙচুর চালান। সেই মামলা চলার সময় আমানতকারীরা আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে জানান, তাঁরা টাকা ফেরত পাচ্ছেন না। তদন্তে গফিলতি রয়েছে। আবেদনকারীদের দায়ের করা পিটিশনের ভিত্তিতে, ম্যাজিস্ট্রেট জানান কেন্দ্রীয় সংস্থা কী ভাবে তদন্ত করছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যেন অবিলম্বে পেশ করে রাজ্য পুলিশ।
ম্যাজিস্ট্রেটের নির্দেশকে হাতিয়ার করে কলকাতা পুলিশ সিবিআইয়ের ওই অফিসারকে সমন পাঠিয়ে রোজ ভ্যালি সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের জবাব দিতে বলেন। সিবিআই অফিসার জবাবও দেন। এরপরে তাঁকে তদন্ত সংক্রান্ত নানা নথি জমা দিতে বলে আদালতে হাজির হতে বলেন ম্যাজিস্ট্রেট। এই নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টে যায় সিবিআই। ম্যাজিস্ট্রেটের নির্দেশ খারিজ করে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে একমাত্র সিবিআইকেই তদন্ত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং কেন্দ্রীয় সংস্থার তদন্তে নাক গলানোর এক্তিয়ার নেই ম্যাজিস্ট্রেটের।