
শেষ আপডেট: 16 June 2022 07:36
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের প্রসূতি বিভাগের (Maternity Ward) ভেতরে মদের বোতল হাতে ঢুকে পড়েছিল এক কর্মী। নেশার ঘোরে (Drunken) হাত থেকে সেই বোতল মাটিতে পড়েই ভেঙে যায়। এতেই ঘটে বিপত্তি! মদের বিকট গন্ধে উঠে পড়েন সেখানে ভর্তি থাকা সকলেই। গন্ধ সহ্য করতে না পেরে অনেকেই বাইরে বেরিয়ে যান। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের এগরা হাসপাতালে (Egra Hospital)।
জানা গেছে, বুধবার রাত ১১টা নাগাদ প্রসূতি বিভাগের মধ্যে হঠাৎ জোরে কাচ ভাঙার একটি শব্দ হয়। ভয়ে কেঁপে উঠেন সকলে। এই আওয়াজ শুনে বাইরে থেকে ছুটে যান অনেকে। তাঁরা ভিতরে গিয়ে দেখেন মদের বোতল ভেঙে পড়ে আছে প্রসূতি বিভাগের ভিতরেই।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের এক কর্মী এই বোতল নিয়ে যাওয়ার সময় দেওয়ালে ধাক্কা লেগে ভেঙে ফেলে। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রসূতিদের পরিবারের অভিযোগ, এখন হাসপাতালের মধ্যেই মদের আসর বসছে। সবাই সব জেনেও চুপ।
যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ঘণ্টাখানেক ধরে হাসপাতালে বিক্ষোভ চালায় পরিবারের লোকজন। তবে এমন গুরুতর বিষয়ে হাসপাতালের আধিকারিকরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
বাড়ি জবরদখল করেছে সরকারি কর্মী, বিচার চেয়ে কাশীপুর থানায় ধর্না বৃদ্ধ দম্পতির