
শেষ আপডেট: 1 September 2023 02:48
দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ি উপ নির্বাচনে (Dhupguri by Election) তৃনমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়ে চা বাগানে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। রেশন সামগ্রী খাওয়ার অযোগ্য বলে মন্ত্রীর কাছে অভিযোগ জানান চা বাগানের শ্রমিকেরা।
তাঁদের অভিযোগ, ‘রেশনে আসা সামগ্রী অত্যন্ত নিন্মমানের। আতপ চাল, আটা সহ যা আসে তা খাওয়ার উপযোগী নয়। বারবার বললেও স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে কোন উদ্যোগ নেন না।’ প্রত্যক্ষদর্শীরা জানান, এমন কথা শুনে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন মন্ত্রী। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জোৎস্নাদেবী শ্রমিকদের জানান, চা বাগানের রেশন সমস্যা তার জানা নেই। তিনি বিষয়টি লিখে নিয়ে যান। মন্ত্রী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। দফতরে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে (Dhupguri by Election) তৃনমুল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রচারে বৃহস্পতিবার মোগলকাটা চা বাগানে গিয়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। মন্ত্রীর সঙ্গে ছিলেন বানারহাট ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং, জেলা পরিষদের সদস্য বিমল মাহালী সহ ব্লক নেতৃত্ব।
বস্তুত, হাতে মাত্র ৪ দিন। ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপ নির্বাচন। ইতিমধ্যে ধূপগুড়ির উপ নির্বাচনকে ঘিরে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (30 company central force) মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
একদা বাম দুর্গ ধূপগুড়িতে একুশের বিধানসভা ভোটে এক প্রকার মেরুকরণ হয়ে গিয়েছিল। লড়াই হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। বামেরা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু সাগরদিঘির উপনির্বাচনে সাফল্য ও পঞ্চায়েত ভোটে আসন বাড়ানোর পর এবার ধূপগুড়ির ভোটে উঠেপড়ে লেগেছে কংগ্রেস-সিপিএমও। কংগ্রেসের সমর্থনে সেখানে জোটের প্রার্থী হয়েছেন স্থানীয় হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। পাটকিদহ মাদ্রাসার এই প্রাক্তন শিক্ষক আবার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী।
অন্যদিকে জয়ের ধারা ধরে রাখতে বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা হামলায় শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। ভোটে জিততে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল।
আরও পড়ুন: ‘ওসি-কে যেন ভোটের কাজে না ব্যবহার করা হয়’, ধূপগুড়িতে গিয়ে অবজারভারকে বললেন শুভেন্দু