
শেষ আপডেট: 27 February 2023 05:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সাগরদিঘি উপনির্বাচন (Sagardighi Bypoll Election) চলছে। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়ছে। তবে এদিন সকাল থেকেই এই নির্বাচন ঘিরে কিছুটা উত্তেজনা ছড়ায়। ভোটগ্রহণ শুরু হতেই বিধিভঙ্গের অভিযোগ উঠল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
কী অভিযোগ?
কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথের মধ্যে ঢুকে পড়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে। সামসাবাদ হাইস্কুলের বুথে নির্দিষ্ট সময়েই শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরুর কিছুক্ষণ পরেই এই বুথে অশান্তির খবর মেলে। যদিও দিলীপ সাহা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশ ঢুকে পড়েছে। নিজেই তিনি পুলিশকে সরিয়ে দেন বলেও দাবি করেন দিলীপ।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। হোসেনপুরের ২১০ ও ২১১ নম্বর বুথে ঢুকে পড়ার অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ, বুথে ঢুকে প্রার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাইরন। এদিকে, অশান্তির জেরে ৫৩ নম্বর বুথ থেকে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। সাগরদিঘির একটি বুথে বিজেপি ও কংগ্রেস প্রার্থীর করমর্দনের ছবি সামনে এসেছে। যা নিয়ে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস-বিজেপির গোপন আঁতাতের কথা বলেন।
প্রসঙ্গত, মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণের কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ১৩ শতাংশ ভোট পড়েছে।