
শেষ আপডেট: 7 August 2022 08:03
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নদিয়ার পর এবার বাঁকুড়া (Bankura)! জেলা ভাগের (division) বিরুদ্ধে স্লোগান তুলে এবার লাল মাটির দেশেও শুরু হল আন্দোলন। রবিবার বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের ডাকে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে তাঁরা জেলা ভাগের বিরোধিতা করে বাঁকুড়া শহরে মিছিল করেন।
দিনকয়েক আগেই সারা রাজ্যের সাতটি জেলা ভাগ করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘোষণায় মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলাকে ভেঙে পৃথক জেলা হিসাবে বিষ্ণুপুরের নাম ঘোষণা করেন। এরপরই শুরু হয় বিতর্ক। বিষ্ণুপুরের একাংশ মানুষ প্রশাসনিক কাজের সুবিধার কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সমর্থন জানায়। অন্যদিকে জেলা ভাগের বিরোধিতায় নামে অপরপক্ষ।
বৃদ্ধা মাকে নিয়ে চলন্ত ট্রেন-প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন ছেলে! পা ফসকে বড় বিপত্তি
জেলা ভাগের বিরোধিতা করা জেলাবাসীদের দাবি, মা সারদা থেকে শুরু করে বিষ্ণুপুরের রাসমঞ্চ, দলমাদল কামান, যদুভট্ট যেমন বাঁকুড়ার গর্ব তেমনই এই জেলার শুশুনিয়া, মুকুটমণিপুরও একসুতোয় বাঁধা। এগুলির সঙ্গে গোটা বাঁকুড়া জেলার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। জেলা ভাগ হলে সেই আবেগ ছিন্ন হবে। তাই এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।