দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ সব থেকে বেশি ছড়িয়েছে রাজ্যের ৬টি জেলায়। ৭টি জেলায় এখনও পর্যন্ত কেউই আক্রান্ত হননি। বাকি জেলাগুলিতে সংক্রামিতের খোঁজ পাওয়া গেলেও সংখ্যাটা এখনও পর্যন্ত খুবই কম।
গোড়া থেকেই রাজ্যের চার জেলায় সংক্রমণ বেশি ছিল। এই চার জেলা হল, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুর। সেই কারণেই এই চার জেলাকে রেড জোন বলছিল রাজ্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, রাজ্যের ৬টি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এর মধ্যে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কলকাতায়। মহানগরীতে ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। তার পরেই রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩২৪। এর পর রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২০ জন। উত্তরের মতো না হলেও দক্ষিণ চব্বিশ পরগনাতেও আক্রান্তের সংখ্যা কম নয়—এখন তা দাঁড়িয়ে ৫১-তে। সেই সঙ্গে হুগলিতে ৪৯ জন এবং পূর্ব মেদিনীপুরে ৩৯ জন আক্রান্ত হয়েছেন।

তাৎপর্যপূর্ণ হল, পূর্ব মেদিনীপুরে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার হার কম। বরং এই জেলাকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি।
রাজ্য সরকারের বুলেটিনে এও দেখা গিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু সব থেকে বেশি হয়েছে তিন জেলায়। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৫১ জন করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশির ভাগই কলকাতা, হাওড়া ও উত্তর চব্বিশ পরগনায়। বাকি জেলায় তুলনায় অনেক কম।
ইতিবাচক হল, রাজ্যের ৭টি জেলায় এখনও পর্যন্ত কোনও কোভিড পজিটিভ কেস পাওয়া যায়নি। ওই ৭ জেলা হল, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম।