দ্য ওয়াল ব্যুরো: মাস্ক পরতেই হবে ঘর থেকে বেরোলে। করোনা সংক্রমণ রুখতে এই বিধিই চালু হয়েছে গোটা দেশজুড়ে। বলা ভাল, দীর্ঘ আড়াই মাসের লকডাউনের পরে এই শর্তেই শুরু হয়েছে আনলক ফেজ় ১। কিন্তু এরই মধ্যে ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খুলতেই হবে-- এমনই নিয়ম চালু করল মধ্যপ্রদেশ।
এ নিয়মের পেছনে অবশ্য যুক্তিও আছে। কারণ মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, ব্যাঙ্কে, এটিএমে বা গয়নার দোকানে গেলেই এই নিয়ম পালন করতে হবে। ৩০ সেকেন্ডের জন্য মুখ থেকে নামাতে হবে মাস্ক। যাতে মাস্কের আড়ালে কেউ কোনও চুরি-ডাকাতি না করেন, করলেও যাতে তার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মুখ চিনে নেওয়া যায়, সেই উদ্দেশে এই নিয়ম জারি হয়েছে সে রাজ্যে।
বস্তুত, মাস্কের কারণে এই অসুবিধা অনেক দিন ধরেই হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় কারও মুখ ধরা পড়ছে না। ফলে ব্যাঙ্ক বা এটিএম অরক্ষিত হয়ে পড়ছে। গয়নার দোকানেও কেউ কিছু হাতিয়ে সরে পড়লে, পরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর। তাই এই বিপত্তি এড়াতে সরকার নির্দেশ দিয়েছে, এসব জায়গায় গেলে আগে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খুলতে হবে।
ব্যাঙ্ককর্তাদের কথায়, এই পদক্ষেপ খুবই জরুরি ছিল। এতে মাস্ক পরে আসার ছুতোয় কেউ কোনও অপরাধ ঘটাতে পারবে না। সকলের মুখ স্পষ্ট ভাবে ধরা পড়বে। নইলে কে কোন উদ্দেশে ব্যাঙ্কে আসছেন, তা বুঝতে পারাই মুশকিল।
তবে মধ্যপ্রদেশে এই নিয়ম চালু হলেও, কলকাতাতেও এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। এমন মাস্ক খোলার নিয়ম আনার জন্য এবার ব্যাংক কর্তৃপক্ষকে প্রস্তাব দিচ্ছে খোদ লালবাজার।বার ব্যাংক কর্তৃপক্ষকে প্রস্তাব দিচ্ছে লালবাজার।
পুলিশ জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে মাস্ক পরে অপরাধের প্রবণতা বেড়েছে শহরে। কোথাও চোর ঢুকেছে মাস্কে মুখ ঢেকে। আবার কোথাও মাস্ক পরে দুষ্কৃতীরা ভাঙার চেষ্টা করেছে এটিএম। লালবাজারের এক আধিকারিক জানান, এই অভিজ্ঞতা নতুন নয়। বহু জালিয়াত এটিএমের ভিতর মাস্ক পরে ঢুকে প্রতারণা করত আগেও।
তার উপর এখন তো মাস্ক পরাটাই নিয়ম, সেই নিয়ম কাজে লাগিয়ে অপরাধ ঘটানোও তাই শুরু হয়ে গেছে নানা প্রান্তে। এই অভিজ্ঞতা থেকেই মধ্যপ্রদেশ নতুন নিয়ম এনেছে ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খোলার। কলকাতায় এমন নিয়ম কিছু হয় কিনা, সেটাই এখন দেখার।