দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার উদ্বোধন হল ভারতের প্রথম প্রাইভেট ট্রেন তেজস এক্সপ্রেসের। লখনউ স্টেশনে এ দিন তেজস এক্সপ্রেসের উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিদিন লখনউ থেকে দিল্লি এবং দিল্লি থেকে লখনউ পর্যন্ত চলবে এই ট্রেন। গন্তব্যে পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা।
আগে আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছিল। এ দিন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও টুইট করে জানিয়েছেন, ট্রেন একঘণ্টা দেরি করলে প্রত্যেক যাত্রীকে ১০০টাকা করে ফেরত দেবে তারা। দু’ঘণ্টা লেট হলে যাত্রীরা ফেরত পাবেন ২৫০ টাকা। গতকালই দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন পতাকা নেড়ে তেজসের সূচনা করলেন যোগী।
ঝাঁ চকচকে এই ট্রেনে ওঠা মানেই প্রত্যেক যাত্রী চলে যাবেন বীমার আওতায়। সর্বোচ্চ ২৫ লক্ষ টাকার বীমা থাকছে যাত্রীদের জন্য। যাত্রাপথে কানপুর ও গাজিয়াবাদ—এই দুটি স্টেশনে দাঁড়াবে তেজস।
৯ টি এসি কোচ নিয়ে ছুটবে দ্রুতগতির এই ট্রেন। সবকটি কোচেই থাকছে চেয়ারকার। ট্রেনের মধ্যেই থাকছে চা ও কফি মেশিনের বন্দোবস্ত। ৬০ দিন আগে থেকে বুক করা যাবে টিকিট। ৫ অক্টোবর থেকে ব্যবসায়িক যাত্রা শুরু করবে ভারতের প্রথম প্রাইভেট ট্রেন।
যাত্রী নিরাপত্তার জন্য গোটা ট্রেনে থাকছে সিসিটিভি। ট্রেনের দরজাতে থাকবে সেনসর। কেউ গেলেই নিজে থেকেই খুলে যাবে দরজা। ট্রেনের ভিতরের সিট থেকে পর্দা—সবটাই উচ্চমানের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি রেলের।