দ্য ওয়াল ব্যুরোঃ ফের করোনার ধাক্কা রাজনৈতিক মহলে। এবার করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ পটেল। জানা গিয়েছে, আক্রান্ত হওয়ার পরে দিল্লিতে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানিয়েছেন আহমেদ পটেল। শুধু তাই নয়, গত কয়েক দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন তিনি।
বৃহস্পতিবার টুইট করে আহমেদ পটেল বলেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। যাঁরা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সেলফ আইসোলেশনে থাকার অনুরোধ করছি আমি।”
https://twitter.com/ahmedpatel/status/1311611453376323584?s=19
এর আগেও বেশ কিছু কংগ্রেস নেতা করোনা আক্রান্ত হয়েছেন। অভিষেক মনু সিংভি, তরুণ গগৈয়ের মতো কংগ্রেস নেতা এর আগে করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।
করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। বেশ কিছুদিন মেদান্ত হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে ওঠার পরেও কোভিড পরবর্তী উপসর্গ নিয়ে দিল্লির এইমসে ভর্তি হতে হয়েছিল তাঁকে। নিতীন গড়কড়ি, প্রহ্লাদ পটেলের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও করোনা আক্রান্ত হয়েছেন।
কোভিড সংক্রমণের মধ্যে কাটছাঁট করতে হয়েছে সংসদের বাদল অধিবেশনও। এমনকি অধিবেশন শুরু হওয়ার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করে দেখা হয়। তাতে প্রথম দিনই লোকসভা ও রাজ্যসভার বেশ কিছু সাংসদের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের অধিবেশনে অংশ নিতে দেওয়া হয়নি। এরপরেও একের পর এক রাজনীতিবিদদের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তা বাড়ছে রাজনৈতিক মহলে।