দ্য ওয়াল ব্যুরোঃ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। আর তার আগে সেখানে ৫০-৫০ আসন রফার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ও নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড, এমনটাই জানা গিয়েছে। আসন রফার বিষয়ে সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। খালি কয়েকটি বিষয় ভাবাচ্ছে এনডিএ জোটকে। তার মধ্যে অন্যতম হল রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। তারা এবার বিহারে এনডিএ জোটের মধ্যে থেকে লড়বে, নাকি জোট ভেঙে একাই লড়ার সিদ্ধান্ত নেবে সেটাই পরিষ্কার নয়।
সূত্রের খবর, বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১২২টি আসনে প্রার্থী দেবে জেডিইউ। অন্যদিকে ১২১টি আসনে প্রার্থী দেবে বিজেপি। নীতীশ কুমারের দলের আসন সংখ্যার মধ্যেই জীতেন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে যদি রাম বিলাসের লোক জনশক্তি পার্টি এনডিএ জোটের মধ্যে থাকতে চায়, তাহলে বিজেপির আসন থেকে তাদের আসনের ভাগ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বিহারে এনডিএ জোটের মধ্যে কিছুদিন ধরেই একটা সমস্যা তৈরি হয়েছে। আর এই সমস্যার মূলে রয়েছে মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের দ্বন্দ্ব। গত সপ্তাহে আসন রফার দাবি জানিয়েছিলেন চিরাগ। এবার অনেক বেশি আসন চাইছে এলজেপি। নইলে জোট ছেড়ে বেরিয়ে আসতে পারে তারা এমনটাই জানা গিয়েছে।
২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর এই তিনদফায় ভোট হবে বিহারে। ফল ঘোষণা ১০ নভেম্বর। তার মধ্যে প্রথম দফায় ২৪৩টি আসনের মধ্যে ৭১টি আসনে ভোট গ্রহণ হবে। করোনা সংক্রমণের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হতে চলেছে। তার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেগুলি মেনেই ভোট পরিচালনা করতে হবে।
বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে বিহারে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। অর্থাৎ তাড়াতাড়ি সব প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে এনডিএ জোটকে।
চতুর্থবারের জন্য জেতার বিষয়ে নিশ্চিত বলেই জানিয়েছেন নীতীশ কুমার। অন্যদিকে বিরোধীরা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে জোটের মুখ করে ময়দানে নেমেছে। এবার আরজেডি ও কংগ্রেস জোটবদ্ধ হয়েছে। সূত্রের খবর, ভোটের প্রচারে কৃষি আইনকে এবার মূল হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। এমনিতেই এই আইন নিয়ে অসন্তোষ রয়েছে সাধারণ মানুষের মনে। সেটাকেই আরও বাড়াতে চাইছে তারা। আর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়া মানে নীতীশ কুমারের চাপ। অন্যদিকে নিজের সাত দফা প্রতিশ্রুতিকেই সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন নীতীশ কুমার।