'বেঁচে থাকাটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে', বন্ধুদের মেল করে ঝাঁপ দিয়েছিলেন আইআইটি পড়ুয়া
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে হস্টেলের নীচে পাওয়া গিয়েছিল মৃতদেহ। সাত তলার ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলেন আইআইটি হায়দরাবাদের চতুর্থ বর্ষের ছাত্র এম অনিরুদ্ধ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন মেকানিক্যা
শেষ আপডেট: 3 February 2019 08:54
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে হস্টেলের নীচে পাওয়া গিয়েছিল মৃতদেহ। সাত তলার ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলেন আইআইটি হায়দরাবাদের চতুর্থ বর্ষের ছাত্র এম অনিরুদ্ধ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন মেকানিক্যাল ও এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের এই ছাত্র। কিন্তু মৃত্যুর আগের কিছু ই-মেল বদলে দিল ধারণা। দুর্ঘটনা নয়, বরং আত্মহত্যা করেছেন অনিরুদ্ধ।
বৃহস্পতিবার সকালে সেকেন্দ্রাবাদের বাসিন্দা ২১ বছরের অনিরুদ্ধ হস্টেলের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে জানান, ফোনে কথা বলতে বলতে অসাবধানতায় ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন অনিরুদ্ধ। কিন্তু সম্প্রতি কয়েকটি ই-মেল পুলিশের হাতে এসেছে। মৃত্যুর ঠিক আগেই কয়েকজন বন্ধুকে এই মেল করেছিলেন অনিরুদ্ধ।
কী লেখা ছিল মেলে?
বন্ধুদের কাছে পাঠানো সেই মেলে অনিরুদ্ধ লিখেছিলেন, "বেশ কিছু কারণে আমি এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যতের কথা ভেবে আমি ভয় পাচ্ছি। জীবন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বেঁচে থাকাটা এখন কষ্টের হয়ে দাঁড়িয়েছে।" পুলিশ জানিয়েছে, এই মেল পাঠানোর পরেই হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।
তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে মনোবিদের কাছে যাচ্ছিলেন অনিরুদ্ধ। বেশ কিছুদিন ধরে মারাত্মক ডিপ্রেসড হয়ে পড়েছিলেন এই আইআইটির ছাত্র। আর তাই আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে পুলিশ। আইআইটি হায়দরাবাদের তরফে অনিরুদ্ধের মৃত্যুর পর তাঁর পরিবারের উদ্দেশে শোকজ্ঞাপন করা হয়েছে।
আরও পড়ুন
https://thewall.in/2019/02/news-state-mamata-banerjee-says-rajeev-kumar-is-one-of-the-best-officers-in-the-world/