দ্য ওয়াল ব্যুরো: দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯৮। মৃত্যুও বাড়ছে। এই অবস্থায় করোনা মোকাবিলায় কেজরিওয়াল সরকারের সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এদিনই দিল্লির এক হাসপাতালে ১০০০ পিপিই কিট পাঠান গম্ভীর। তারপর টুইটারে কেজরিওয়ালকে নিজের প্রতিশ্রুতি পালনের চ্যালেঞ্জ করলেন তিনি।
এদিন টুইটারে গম্ভীর লেখেন, “আমি আমার কথা রেখেছি। আজকেই লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ১০০০ পিপিই কিট দেওয়া হয়েছে। যদি আরও কিটের দরকার হয় বলবেন। কোথায় কবে সেই কিট পৌঁছে দিতে হবে, সেটা জানালেই হবে। এবার দিল্লিবাসীকে দেওয়া আপনার প্রতিশ্রুতি পালন করুন কেজরিওয়ালজি।”
https://twitter.com/GautamGambhir/status/1248553207892185088?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1248553207892185088&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-delhi-gautam-gambhir-to-arvind-kejriwal-delivered-as-promised-your-turn-now-2209620
এই বিতর্কের সূত্রপাত অবশ্য কয়েক দিন আগে। টুইটারে কেজরিওয়াল সরকারের উদ্দেশে গম্ভীর লিখেছিলেন, “আপনার উপমুখ্যমন্ত্রী বলছেন, সরকারের আর্থিক সমস্যা রয়েছে। তাই আমি আমার সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিতে চাই। দরকার পড়লে আরও ৫০ লক্ষ টাকা দেব। আশা করি এই টাকায় প্রাথমিকভাবে কিছু কাজ শুরু করা যাবে।”
গম্ভীরের এই টুইটের উত্তরে কেজরিওয়াল বলেন, “আপনার এই প্রস্তাবের জন্য ধন্যবাদ। কিন্তু টাকার সমস্যা আমাদের নেই। সমস্যা হচ্ছে কেন্দ্রের থেকে পিপিই কিট আমরা পাচ্ছি না। ফলে ডাক্তার, নার্সদের সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়ে যদি আপনি কিছু সাহায্য করতে পারেন তাহলে ভাল হবে। দিলি সরকার সেই কিট কিনে নেবে।”
তার উত্তরে গম্ভীর টুইট করে বলেন, “আপনি আপনার উপমুখ্যমন্ত্রীর বিপরীত কথা বলছেন। উনি বলছেন টাকা নেই। আর আপনি বলছেন কিট নেই। ঠিক আছে আমি কয়েক দিনের মধ্যেই ১০০০ কিট দেওয়ার চেষ্টা করছি। কবে কোথায় দিতে হবে সেটা জানিয়ে দেবেন। এই সময় কথা না বলে করোনা মোকাবিলায় কাজ করা উচিত বলে আমার মনে হয়।” এদিন ১০০০ কিট দিয়ে সেই কথাই ফের একবার কেজরিওয়ালকে মনে করালেন গম্ভীর। বললেন, তিনি নিজের কথা রেখেছেন। এবার কেজরিওয়ালের পালা।
ইতিমধ্যেই দিল্লিতে করোনা মোকাবিলায় কয়েকটি পরিকল্পনা নিয়েছে কেজরিওয়াল সরকার। রাজধানীর ২১ টি জায়গায়কে হটস্পট হিসেবে চিহ্নিত করে সেখানে ‘ফাইভ টি’ প্ল্যান ও ‘অপারেশন শিল্ড’ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।