দ্য ওয়াল ব্যুরো: তিনি যেখানেই যান, বিতর্ক তাঁর সঙ্গে সঙ্গে ঘোরে। সে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়াই হোক, কিংবা 'বন্ধু' ইমরান খানের শপথ অনুষ্ঠানে পাকিস্তানে যাওয়া। পুলওয়ামার জঙ্গি হামলার পর ফের এ দিন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু।
বৃহস্পতিবার পুলওয়ামার লেথপোরাতে ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর সিআরপিএফের কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমেদ। এই হামলায় ৪০ জন জওয়ান নিহত হন। গোটা দেশজুড়ে এই হামলার নিন্দা করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার নিন্দা করেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, "পুলওয়ামায় যে হামলার ঘটনা হয়েছে, আমি তার তীব্র নিন্দে করছি। সন্ত্রাসবাদী কাজ সবসময়েরই খারাপ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের চরম সাজা পাওয়া উচিত।"
তবে এই কথার পরেই প্রশ্ন তোলেন সিধু। প্রাক্তন এই ক্রিকেটার বলেন, "কিছু সংখ্যক মানুষের জন্য একটা গোটা দেশকে দোষ দেওয়া কি উচিত? এবং বিশেষ একজনকে দোষ দেওয়াও কি উচিত?" বিশেষ একজন বলতে সিধু আলাদা করে কোনও নাম বলেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিধুর বিশেষ বন্ধু হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একথা নিজের মুখেই অনেকবার স্বীকার করেছেন এই প্রাক্তন ক্রিকেটার।
সিধুর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। কেউ বলছেন, সিধুর আসল পরিচয় জানতে আর কারও বাকি রইল না। এর আগেও ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন সিধু। এমনকী তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি করতেও দেখা গিয়েছিল তাঁকে। ভারত-পাক সীমান্তে কর্তারপুর সাহিবে অনুষ্ঠানে গিয়ে এই করিডর খুলে দেওয়ার পক্ষেও সওয়াল করতে দেখা গিয়েছিল সিধুকে।
আবার অনেক বলছেন, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজের দেশভক্তির কথা বলে থাকেন সিধু। এ দিন এই কথা বলে তিনি নিজের দেশভক্তির আসল রূপ দেখিয়ে দিয়েছেন। যেখানে গোটা দেশ ক্ষুব্ধ, সেখানে তাঁর এই মন্তব্য খুবই লজ্জার। অনেকে আবার এই মন্তব্যের পর কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' বন্ধ করে দেওয়ার দাবিও জানিয়েছেন। তাঁদের বক্তব্য, একজন ক্রিকেটার, যিনি একাধারে নেতা, আবার কমেডি শো'তেও উপস্থিত থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য করেন। তাঁর কথার বেশি গুরুত্ত্ব দিয়ে লাভ নেই।
আরও পড়ুন
https://thewall.in/news-national-mamata-banerjee-questions-why-allegation-has-been-made-before-proper-investigation/