দ্য ওয়াল ব্যুরো : এপ্রিল ফুলের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার পাঠালেন ছত্তীসগড়ের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। উপহার হিসেবে তিনি পাঠিয়েছেন একটি 'আয়না'। বাঘেলের কথায়, এই আয়নাতে নিজের আসল চেহারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী। অবশ্য পুরোটাই নিছকই মজা করে। পুরো ব্যাপারটা টুইটও করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি মজার টুইট করে পুরো ঘটনাটি বলেছেন ভূপেশ বাঘেল। এমনকী অনলাইন শপিংয়ে যেরকম হয়ে থাকে, অর্থাৎ কবে, কোথায় ডেলিভারি দেওয়া হবে, সেসবের ছবিও পাঠিয়েছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী। টুইটে লেখা রয়েছে, এই আয়নাটির অর্ডার নম্বর হলো ৪০২-৩০৪১৬০৮-৭৪২২৭৩৯। সেইসঙ্গে অর্ডার পাঠানো হয়েছে, ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিলের মধ্যে এই অর্ডার পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে এই টুইটে। আয়নাটির নাম হলো 'ফ্যান্টাসি মিরর সিলভার শেভিং অ্যান্ড মেক-আপ মিরর'। যে সংস্থার থেকে এটি কেনা হয়েছে, তার নাম '৯০ ডিগ্রি'।
https://twitter.com/bhupeshbaghel/status/1112561817627181056
এই ছবি ছাড়াও নরেন্দ্র মোদীর উদ্দেশে একটি বার্তাও পাঠিয়েছেন বাঘেল। এই বার্তায় তিনি লিখেছেন, "আমি এই আয়নাটি আপনাকে পাঠাতে চেয়েছিলাম। আপনার লোক কল্যাণ মার্গের এমন একটি জায়গায় আয়নাটি রাখবেন যেখান দিয়ে আপনি সবথেকে বেশি বার যাতায়াত করেন। তার ফলে আয়নায় বারবার আপনার আসল চেহারাটা আপনি দেখতে পাবেন।" আরও একটি টুইট করে তিনি বলেছেন, "হয়তো আপনি এই আয়নাটি ব্যবহার করবেনই না। ডাস্টবিনে ফেলে দেবেন। কিন্তু তারপরেও আয়নাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। দেশের ১২৫ কোটি লোক আপনাকে আয়না দেখাবে। আপনার আসল চেহারা দেখাবে। আপনি তৈরি আছেন তো মোদীজি?"
অবশ্য এই টুইটের পর বিজেপির তরফে একে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। বিজেপির এক নেতার কথায়, 'হতে পারে ছত্তীসগড়ে ১৫ বছরের বিজেপি সরকারকে পরাস্ত করে বাঘেল মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আসন্ন লোকসভাতেই কংগ্রেস বুঝে যাবে, ছত্তীসগড়ের মানুষও আর তাদের চাইছে না। উনি বরং আয়নাটা নিজের কাছেই রাখুন। কংগ্রেসের বাকি নেতাদেরও এই আয়না পাঠান। কারণ, দেশের মানুষ আয়নাতে তাঁদের আসল চেহারাটাই দেখিয়ে দেবেন।'
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-state-narendra-modi-and-mamata-banerjee-will-address-people-of-north-bengal-on-3rd-april/