দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত ১১। আহত ৪ জন। শনিবার ভোররাতে সাড়ে চারট নাগাদ বিহারের মুজফফরপুর জেলায় ২৮ নম্বর জাতীয় সড়কের উপর ঘটেছে এই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিতে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই এসইউভি গাড়ি। গুরুতর জখম অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। চলছে চিকিৎসাও। আগামী ২৪ ঘণ্টা আহতদের কড়া নজরে রাখা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
https://twitter.com/ANI/status/1236109592062390274?s=19
জানা গিয়েছে, মুজফফরপুর জেলার সামরস গ্রামের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। কাছেই রয়েছে কান্তি থানা। ভোররাতে বিকট শব্দ পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরাই। তারাই প্রথম দুর্ঘটনার খবর থানাকে জানায়। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীদের সাহায্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃত এবং আহতদের নাম-পরিচয় জেনে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “ভোররাতে আচমকা প্রচণ্ড শব্দ পেয়ে হাইওয়ের ধারে ছুটে গিয়েছিলাম। কী হয়েছে বোঝার আগেই দেখলাম চারিদিকে ছড়িয়ে রয়েছে একগাদা লাশ। চাপ চাপ রক্ত পড়ে রয়েছে রাস্তায়। ভয়ে-আতঙ্কে শিউরে উঠেছিলাম। এরপর বাকিদের ডাকি।" পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে দু'জন শিশুও।
ঘটনার তদন্তে শুরু করেছে কান্তি থানার পুলিশ। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় এসইউভির চালক এবং তাঁর পাশে বসা যাত্রীরা আর ট্রাক্টরের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।