দ্য ওয়াল ব্যুরো: টালা ব্রিজ পুরোপুরি বন্ধ হতেই শুরু হয়েছে তীব্র যানজট। নিত্যযাত্রীদের সুরাহার কথা ভেবে এবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আধিকারিকরা জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে নোয়াপাড়া পর্যন্ত অতিরিক্ত ৫ জোড়া মেট্রো চালানো হবে। এর আগে টালা ব্রিজ ভাঙা হবে এই কথা ঘোষণার পরেই অতিরিক্ত রেক চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। চালানোও হয়েছে অতিরিক্ত মেট্রো। এবার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
গত বছর পুজোর আগে থেকেই টালা ব্রিজে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। দীর্ঘদিন ধরে এই ব্রিজ দিয়ে বন্ধ রয়েছে বাস-লরি ও অন্যান্য ভারী যানবাহনের চলাচল। কেবল ছোট গাড়ি এবং অটো এইসবই ছিল টালা ব্রিজ দিয়ে। তবে ৩১ জানুয়ারি রাত ১২টার পর থেকে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্রিজ। শুরু হয়েছে ব্রিজ ভাঙার কাজ। অত্যধিক যানজট সামলানোর জন্য মোতেয়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী। তৎপরতার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন্টরা।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চলছিল। সেই সময়েই প্রকাশ্যে আসে টালা ব্রিজের বেহাল দশার কথা। বিশেষজ্ঞরা রিপোর্ট পেশ করে ব্রিজ ভেঙে নতুন করে সেতু নির্মাণের নিদান দেন। তারপর থেকে ব্রিজ ভাঙার কাজ কবে শুরু হবে তাই নিয়ে চলছিল টালবাহানা। বারবার দিনক্ষণ ঠিক হলেও নানা কারণে তা পিছিয়ে যাচ্ছিল। অবশেষে ১ ফেব্রুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা। নতুন করে টালা ব্রিজ তৈরি করতে খরচ হবে ২৬৮ কোটি টাকা। জানা গিয়েছে, চারটি লেনের ব্রিজ নির্মাণ করা হবে।
তবে টালা ব্রিজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। যানজট সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশরা। ইতিমধ্যেই ৪২টি বাসরুটে পরিবর্তন করা হয়েছে। অনেক ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে বলে সময় লাগছে অনেক বেশি। তাই এবার নিত্যযাত্রীদের সুবিধের কথা ভেবে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।