দ্য ওয়াল ব্যুরো: ভক্ত-দর্শনার্থীদের জন্য এখনই খুলছে না শবরীমালা মন্দির। ১৪ জুন মন্দির খোলার কথা থাকলেও তা দর্শনার্থীদের জন্য খুলবে না। তবে মন্দিরের আচার-অনুষ্ঠান পালিত হবে সবই। ১৯ জুন পর্যন্ত পুজো-অর্চনার জন্য খোলা থাকবে শবরীমালা। ফের সেদিন থেকে বন্ধ হবে মন্দির। এমনকি ১৯ জুন থেকে যে 'আরাত্তু' উৎসব হওয়ার কথা ছিল তাও পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯ জুন থেকে ২৮ জুন পর্যন্ত 'আরাত্তু' উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সতর্কতায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে এপ্রিল মাসে এই উৎসব হওয়ার কথা ছিল।
দেশে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। সেই মিটিংয়ে ছিলেন কেরলের দেবস্বম মন্ত্ৰী, মন্দিরের তন্ত্রী এবং ত্রাভঙ্কর দেবস্বম বোর্ডের প্রেসিডেন্ট। সকলের সম্মতিতেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও আলোচনা হয়েছে।
এর আগে বুধবার ত্রাভঙ্কর দেবস্বম বোর্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে, মাসিক পুজো উপলক্ষে ১৪ জুন ভক্তদের জন্য শবরীমালা মন্দিরের দরজা খুলবে। তিনি এও বলেন যে মাসিক পুজো ও মন্দিরের উৎসব নির্ধারিত দিন অর্থাৎ ১৯ জুনেই হবে এবং দর্শনার্থীরা মন্দিরে আসতে চাইলে তাঁদের কাছে আইসিএমআর-এর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। তবে এবার করোনা সতর্কতায় দর্শনার্থীদের জন্য মন্দির না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।